সাবধান! ৩-৪ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, সতর্কবার্তা জারি হাওয়া অফিসের তরফে

আগামী ৩-৪ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঝড়। আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে নামবে বৃষ্টি। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ভালোই বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সকলকে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। আগামী ২-৩ দিন ধরে বৃষ্টি চলবে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। আজ, সোমবার সকালে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিছুটা হলেও রোদের দেখা মিলেছিল। তবে কলকাতায় আকাশ মেঘলাই ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায় আকাশ।

এরপরই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আগামী ৩-৪ ঘণ্টার মধ্যেই কলকাতায় ঝেঁপে আসবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহবিদরা জানিয়েছেন, আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে।

গত দু’দিনের বরিষটিতে ঝাড়গ্রাম থেকে শুরু করে দুই মেদিনীপুর, বাঁকুড়ায় চাষবাসের বেশ ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে বিঘা বিঘা জমির ফসল। সাত মিনিটের কালবৈশাখীর জেরে পূর্ব মেদিনীপুরের রামনগরের অনেক এলাকার ফসল নষ্ট হয়েছে।

মরশুমের শুরুতেই এত বিপুল পরিমাণ ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। প্রত্যন্ত গ্রামে বাড়ির ছাউনিও উড়ে গিয়েছে বলে খবর। এদিকে, স্থানীয় প্রশাসনের তরফে এখনও পর্যন্ত সেভাবে কোনও পদক্ষেপই করা হয়নি বলে অভিযোগ। এমন আবহাওয়া চলতে থাকলে চাষী ও কাঁচাবাড়ির বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়বে।

RELATED Articles