ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আর এর জেরে চলতি সপ্তাহে ফের বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ, মঙ্গলবার থেকেই রাজ্যের নানান জেলায় আকাশ থাকবে মেঘলা, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। উপকূলবর্তী এলাকা বিশেষ করে গোসাবা, সুন্দরবন, কাকদ্বীপের নানান নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গিয়েছে। ঘরছাড়া হয়েছেন একাধিক মানুষ। তবে গতকাল, সোমবার থেকে পরিস্থিতি একটু উন্নত হয়েছিল। রোদের দেখা মিলেছিল। কিন্তু এর মাঝে ফের নিম্নচাপ।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। এর জেরে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শুক্রবার বৃষ্টি বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে যে এই নিম্নচাপের প্রভাবে ওড়িশায় প্রবল বৃষ্টি হলেও বাংলায় এর প্রভাব পড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে বৃষ্টি। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানা গিয়েছে। শনিবার থেকে ফের ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটবে। এই নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
উল্লেখ্য, শ্রাবণ মাস শেষ। কিন্তু বর্ষার মরশুমে বৃষ্টি পায়নি রাজ্য। বৃষ্টির ঘাটতি রয়েছে রাজ্যে। নিম্নচাপের জেরে বৃষ্টির ঘাটতি একটু কমলেও ঘাটতি রয়েই গিয়েছে। তবে পরপর নিম্নচাপের জেরে এবার বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে দূর হয় কী না, এখন সেটাই দেখার।





