বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

স্বাভাবিক সময়ের থেকে বেশ কিছুটা পরই দক্ষিণবঙ্গে আগমন ঘটেছে বর্ষার। দীর্ঘ দাবদাহ কাটিয়ে অবশেষে মিলেছে স্বস্তির বৃষ্টি। এমন আবহেই এবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আর এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হতে পারে। উপকূলে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

জানা যাচ্ছে, এই হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। নিম্নচাপের কারণে উপকূলে সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। রবিবার এবং সোমবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস।

এর পাশাপাশি বৃষ্টি চলবে কলকাতাতেও। আজ, রবিবার সারাদিনই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শহরে। সকাল থেকেই কলকাতা ও লাগোয়া এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রবিবার ভোরের দিকে হুগলি এলাকায় মুষলধারে বৃষ্টি হয়।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ষাকাল যেহেতু শুরু হয়ে গিয়েছে, তাই আপাতত এমন বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে বলে জানিয়েছেন আবহবিদেরা।

RELATED Articles