উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে ফের বঙ্গে দুর্যোগের ঘনঘটা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ ও আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা।
কী জানাল হাওয়া অফিস?
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ওড়িশা ও বাংলা উপকূলের কাছাকাছি এসে পৌঁছেছে। ধীরে ধীরে সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা ও ঝাড়খণ্ড অভিমুখী হবে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। ওড়িশা সংলগ্ন উপকূলে নিম্নচাপের প্রভাব বেশি থাকবে বলে জানা গিয়েছে। এর প্রভাবে উপকূলের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সপ্তাহভর কোন কোন জেলায় হবে বৃষ্টি?
- বুধবার- মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
- বৃহস্পতিবার- পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- শুক্রবার- বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আগামীকাল, বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। গোটা সপ্তাহই উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।





