সপ্তাহের শুরুতেই কলকাতা ও আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার শহরে ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এই আবহাওয়া পরিস্থিতির প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলাতে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এইসব এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
বর্তমানে রাজ্যে বর্ষার বাতাস বেশ সক্রিয় রয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত এবং দু’টি অক্ষরেখার প্রভাবও দেখা যাচ্ছে। এর পাশাপাশি একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে।
সমুদ্রের পরিস্থিতিও উত্তাল থাকতে পারে। সোমবার থেকে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে সেখানকার জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি হয়নি।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম।
আরও পড়ুনঃ শনির কৃপায় ভাগ্য খুলছে! সর্বার্থ সিদ্ধি যোগে ৫টি রাশির জীবনে আসছে সোনালি সময়
সব মিলিয়ে, দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহের শুরুটা থাকবে বৃষ্টিমুখর, তবে মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কমতে পারে।





