ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তবে এই নিম্নচাপ ওড়িশা দিয়ে ছত্রিশগড় অভিমুখী। এর ফলে বাংলায় তেমন প্রভাব পড়বে না। তবে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, বুধবার উপকূল ও উপকূল-সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও কয়েক দফা মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিকে উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে বলে খবর। এর পাশাপাশি সমুদ্রও উত্তাল থাকবে বলে জানান হয়েছে। সমুদ্র উপকূলে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজও দীঘা, মন্দারমনি, তাজপুর, বকখালি ও সাগরদ্বীপে সমুদ্র সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করেছে নিম্নচাপটি। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ। ওড়িশার উপর দিয়ে গিয়ে এই নিম্নচাপের গতিমুখ হবে ছত্রিশগড়ের দিকে।
এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েক দফা ভারী বৃষ্টির সম্ভাবনা। মূলত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উপকূল সংলগ্ন জেলাতেও আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হবে।
আজ, বুধবারও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এই জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস, এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলে জানা যাচ্ছে। উত্তরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।






