এর আগেও তিনি একাধিকবার নানা ইস্যু নিয়ে আক্রমণ করেছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে। এমনকি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করেছেন তাঁকে। এবার ফের একবার তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন খড়গপুরের বিজেপি বি
ধায়ক হিরণ চট্টোপাধ্যায়। দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন তিনি।
গতকাল, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ কর্মসূচিতে মেদিনীপুরের সদর ব্লকের শিরোমণিতে উপস্থিত ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেখানেই সংবাদমাধ্যমের সামনে দেবের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। হিরণের দাবী, সমস্ত সরকারি প্রকল্পে সাংসদ দেব ৩০ শতাংশ কাটমানি নিয়েছেন। তিনি এও অভিযোগ করেন যে এর জন্য কয়েকজন এজেন্টও ছেড়ে রেখেছেন তিনি।
এই ঘটনার ২৪ ঘণ্টা আগেই দেবের তুতো ভাই তৃণমূলের নিচুতলার নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন। তিনি জানান, তিনি আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পেয়েছিলেন কিন্তু কাটমানির কারণে তিনি আর বাড়ি তৈরি করতে পারেন নি। আর এরপর গতকাল, রবিবার নতুন করে দেবকে আক্রমণ করেন হিরণ।
এই প্রথমবার নয়, এর আগেও হিরণ দাবী করেছিলেন যে গরু পাচারের সঙ্গে যুক্ত দেব। বলেছিলেন, দীপক অধিকারী দুর্নীতিতে জড়িত। এনামুলের থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন। এর পালটা জবাবও দিয়েছিলেন দেব। বলেছিলেন, “আপনার (হিরণ) কাছে যদি প্রমাণ থাকে তাহলে দয়া করে আপনি সিবিআই, ইডি’র কাছে যান”। তবে রবিবার হিরণের এহেন দাবীর কোনও পালটা দেননি দেব এখনও পর্যন্ত।
হিরণের এই মন্তব্যের প্রেক্ষিতে জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি কটাক্ষ করেন হিরণকে। বলেন, “দেব ফোবিয়ায় ভুগছেন হিরণ। মেদিনীপুরে দিলীপ ঘোষ সাংসদ থাকায় এখানকার টিকিট তিনি পাবেন না। তাই কেউ হয়তো তাঁকে ঘাটালের টিকিট পাইয়ে দেওয়ার লোভ দেখিয়েছে। সেই কারণেই উলটোপালটা বকছেন”। অজিত মাইতির কথায়, এসব করে কোনও লাভ হবে না।





