বঙ্গ রাজনীতিতে সাম্প্রতিককালে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছেন হিরণ চট্টোপাধ্যায়। দেবের বিরুদ্ধে বারবার নানান অভিযোগ তুলেছেন তিনি। লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। আর অন্যদিকে ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী দেব। এবার মুখোমুখি লড়াই হবে দুই যুযুধান প্রতিপক্ষের। এবার ফের একবার দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন হিরণ।
ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বারবার অভিযোগ করতে শোনা গিয়েছে দেবকে। তাঁর কথায়, কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করা যায়নি এত বছর ধরেও। এই নিয়ে একাধিকবার নানান জায়গায় মুখ খুলেছেন দেব। এবার এই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত না করার দায় দেবের উপরেই চাপালেন হিরণ চট্টোপাধ্যায়।
কী বললেন হিরণ?
হিরণের কথায়, ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ২০২২ সালেই কেন্দ্রের তরফে ‘ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স’ দেওয়া হয়েছে। ১৯৮৪-র জমি সংক্রান্ত আইন অনুযায়ী, কেন্দ্র যদি কোনও প্ল্যানের অনুমোদন দেয়, তাহলে জমি অধিগ্রহণের কাজের কথা জেলাশাসককে জানাতে হয় কেন্দ্রকে। এই নিয়ে হিরণের প্রশ্ন, দেব বা রাজ্য সরকার কী একবারও কেন্দ্র সরকারকে জমি অধিগ্রহণের বিষয়ে জানিয়েছে, বা যদি না জানিয়ে থাকে, তাহলে কেন জানানো হয়নি, সে প্রশ্নও করেন তিনি।
হিরণের কথায়, কেন্দ্র সরকার থেকে প্রকল্পের টাকা এলে সেই টাকা থেকে ৩০ শতাংশ কাটমানি নিতে পারতেন না দেব। সেই কারণেই কেন্দ্রের টাকা নেন নি তিনি। হিরণের দাবী, সেই কারণেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করলেন যে রাজ্য সরকার ঘাটাল মাস্টারপ্ল্যানের টাকা দেবে, সেই প্রস্তাব গ্রহণ করেছেন দেব কারণ সেখান থেকে সহজেই কাটমানি পাওয়া যাবে।
হিরণের কথায়, দেবের রাজনৈতিক গুরু শঙ্কর দোলুই নিজে বলেছেন যে তাঁর এলাকার সাংসদ প্রকল্পের জন্য ৩০ শতাংশ কাটমানি নেন। হিরণ এমনও বলেন যে এই একই কারণে সাংসদ পদ ছেড়ে দেওয়ার ‘নাটক’ করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে ফের প্রার্থী হতে রাজি হয়েছেন তিনি।
প্রসঙ্গত, এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার দেবকে বিঁধে নানান অভিযোগ করেছেন হিরণ। গরু পাচার কাণ্ডে এনামুল হকের সঙ্গে যোগাযোগ রয়েছে দেবের, এমন অভিযোগও করেন হিরণ। দেবও হিরণের সেই অভিযোগের পাল্টা দিয়েছেন বটে। এবার হিরণের এই অভিযোগ সম্পর্কে দেবের কী প্রতিক্রিয়া হয়, এখন সেটাই দেখার।





