বিধানসভা ভোট (assembly election) পূর্ববর্তী বাংলায় বিজেপির মনোবলকে জোরদার করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) বাংলায় আসার কথা থাকলেও অন্তিম মুহূর্তে সিদ্ধান্ত বদল হয়।
সূত্রের খবর কাল প্রথমে কলকাতায় এসে তিনি রাজারহাটের একটি হোটেলে উঠবেন। তারপর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার হেলিকপ্টারে করে যাবেন বাঁকুড়ায়। সেখানকার রবীন্দ্র ভবনে তাঁর কর্মসূচি রয়েছে। তিনি সেখানকার বিজেপি কর্মকর্তাদের সঙ্গে আসন্ন বিধানসভা ভোটের জন্য বৈঠক করবেন বলেও জানা গিয়েছে।
সবচাইতে উল্লেখযোগ্য, বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে পদ্ম শিবির বাংলায় বিজেপির সংগঠনকে ৫ টি জোনে ভাগ করেছে। এরইমধ্যে উত্তরবঙ্গ জোনে ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দুর্গা পুজোর সময় বৈঠক করে গেছেন।
অর্থাৎ বাকি রইল চার। অমিত শাহ বাংলায় এসে মূলত এই চারটি সাংগঠনিক জোনের নেতৃত্বের সঙ্গেই বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ৫ই নভেম্বর বর্ধমান ও মেদিনীপুর জোন এবং ৬ই নভেম্বর কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।
তাৎপর্যপূর্ণ ভাবে এই সফরে একজন উদ্বাস্তু পরিবারের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করার পরিকল্পনাও রয়েছে বলে জানা যাচ্ছে।
বৈঠক শেষে কলকাতা ফিরে আসার পর ৬ তারিখ অমিত শাহে্র দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার কথাও রয়েছে। সেখান থেকে তিনি যাবেন পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। একইসঙ্গে ৬ তারিখ শুক্রবার তিনি সল্টলেকের ইজেডসিসি-তে একটি দলীয় বৈঠকে উপস্থিতও থাকবেন। ভোটের জন্য বৈঠক ছাড়াও তিনি সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সঙ্গে তাদের সমস্যার ব্যাপার নিয়ে কথা বলবে বলে জানা গিয়েছে।





