আইপিএল চলাকালীনই বিতর্ক! আদালতের নোটিস বিরাট ও সৌরভের বিরুদ্ধে

ইন্টারনেট দুনিয়ায় এখন অনেক মানুষেরই নেশা হয়ে উঠছে অনলাইন গেম। সেই সঙ্গে আইপিএলের সময় জুয়া, বেটিং তো রয়েছেই। এই সব নিয়ে ফের বিতর্ক শুরু হল দেশে। এমনিতেই বিতর্ক চলছিল এই বছরের আইপিএলে অনলাইন বেটিং সংস্থা ড্রিম-১১ কে স্পনসর রাখা নিয়ে। আর এই সব অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জন্যও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ও প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিস জারি করা হল। এই নোটিসে বলা হয়েছে, তারকারা সাধারণের মানুষের জীবনের কথা না ভেবে ব্যবসা ও মুনাফা নিয়েই বেশি ব্যস্ত। বলা বাহুল্য, এই সমস্ত অনলাইন বেটিং সংস্থার প্রচার বিজ্ঞাপনে দেখা গিয়েছে সৌরভ, বিরাট, ধোনি, সচীন সহ একাধিক ক্রিকেট তারকাকে। অনলাইন স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপ এন্ডোর্স করার জন্যই আজ কাঠগড়ায় তারা। শুধু ক্রিকেটার নয় প্রকাশ রাজ, তামান্না ভাটিয়া, সুদীপ এবং রানার মতো বেশ কয়েকজন ফিল্ম তারকার বিরুদ্ধেও নোটিস জারি করা হয়েছে।

এর আগে অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই যে কোনও ধরনের অনলাইন গেমিং, বেটিং এবং জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে ১৩২ টি অনলাইন গেম সংক্রান্ত ওয়েবসাইট এবং অ্যাপের তালিকা। এর আগে পাবজি গেমকে নিয়েও বেশ বিতর্ক তৈরি হয়েছিল। যদিও তা এখন দেশজুড়ে নিষিদ্ধ। এই পাবজির ফাঁদে পড়েই অনেকে আত্মহত্যাও করেছে। বেটিং চক্রের দায়েও অনেকেই গ্রেফতার হচ্ছে দেশের অনেক রাজ্য থেকে। বড়সড় তারকাদের বিরুদ্ধে অভিযোগ উঠিয়েই এবার এই সব চক্র বন্ধ করা শুরু হল।

RELATED Articles