গতকালই চিঠি দিয়েছিলেন আর জি করের নির্যাতিতার মা-বাবা, রবিবার বাংলায় আসছেন অমিত শাহ, নির্যাতিতার মা-বাবার সঙ্গেই সাক্ষাতের জন্য বঙ্গ সফর?

বুধবারই তাঁর বঙ্গে আসার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল হয়ে যায়। এবার বিজেপি সূত্রে জানা গেল, আগামী রবিবার বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কর্মসূচির সম্পর্কে যদিও কিছু জানা যায়নি, তবে অনেকেরই প্রশ্ন বঙ্গে এসে কী আর জি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করবেন তিনি!  

গত ১৭ অক্টোবর বিজেপির তরফে জানানো হয়েছিল, ২৩ অক্টোবর রাতে কলকাতায় আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৪ অক্টোবর বিধাননগরের EZCC-তে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন তিনি। এছাড়াও, কল্যাণী, আরামবাগ, পেট্রাপোলে কর্মসূচি ছিল তাঁর। কিন্তু তাঁর সেই সফর বাতিল হয়ে যায়।

গত মঙ্গলবার জানানো হয়, ২৩ তারিখ বঙ্গে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। কেন তাঁর সফর বাতিল হল, সেই বিষয়ে অবশ্য জানানো হয়নি। তবে অনুমান করা হয়, রাজ্যে ঘূর্ণিঝড়ের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনেই এই সফর বাতিল হয় তাঁর। তবে এবার জানা গেল, আগামী রবিবার বঙ্গে আসছেন অমিত শাহ।

বিজেপি সূত্রে খবর, তিনি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন তিনি। আর জি কর কাণ্ডের আবহে অমিত শাহ্‌’র এই বঙ্গ সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে বেশ হইচই পড়েছিল। এরই মধ্যে আবার সামনেই রয়েছে উপনির্বাচন। যদিও তিনি উপনির্বাচন নিয়ে কোনও মন্তব্য করবেন না বলেই দাবী রাজ্য নেতৃত্বের।

এরই মধ্যে আবার গতকাল, মঙ্গলবার আর জি করের মৃতা তরুণী চিকিৎসকের মা-বাবা অমিত শাহ্‌’কে চিঠি লিখেছিলেন। তারা জানিয়েছিলেন, মানসিক যন্ত্রণা ও অসহায়তা থেকেই তারা এই চিঠি লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। তারা এও আর্জি জানান যে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান।

আরও পড়ুনঃ ‘যার বিরুদ্ধে অভিযোগ, তাঁকে অভিযুক্তই বলব…’, নবান্নের বৈঠকে দৃঢ় কণ্ঠে মুখ্যমন্ত্রী ভুল শুধরে দিয়েছিলেন, কী পরিচয় এই জুনিয়র চিকিৎসকের?

সেই চিঠির পরই সকলে উৎসুক ছিলেন জানতে যে এই চিঠির জবাব কী হবে অমিত শাহ্‌’র তরফে। এরই মধ্যে আজ জানা গেল, অমিত শাহ রবিবার আসছেন বাংলায়। তাহলে কী তিনি নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করবেন এই সফরে, উঠছে এমন প্রশ্নও!

RELATED Articles