গরমের চাপে কাহিল বাংলা! দোলেও কি মিলবে না স্বস্তি, নাকি আসছে ঝড়-বৃষ্টি?

ফাল্গুনের শেষ আর চৈত্রের শুরুতে গরমের তেজ বাড়ছে রাজ্যে। শীত বিদায় নিতেই সূর্যের উত্তাপ যেন আরও বেশি করে অনুভূত হচ্ছে। গরমের কামড় আগেই টের পেয়েছে দক্ষিণবঙ্গ, এবার কি উত্তরবঙ্গও সেই পথেই হাঁটবে? সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়তি গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাঁসফাঁস ভাব। তবে এই গরমের মধ্যে স্বস্তির পরশ বুলিয়ে দিতে পারে বৃষ্টি—কিন্তু কোথায়, কবে?

দোল ও হোলির উৎসবে আবহাওয়া কেমন থাকবে, সেই নিয়ে অনেকের মনেই প্রশ্ন। বিশেষত, যারা বাইরে বেরিয়ে আনন্দ করার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্চের প্রথম সপ্তাহেই কি কালবৈশাখীর দেখা মিলবে? নাকি আরও কয়েকদিন গরমের দাপট সইতে হবে রাজ্যবাসীকে? উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা বাংলা।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, ফলে দোলের দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় গরমই বজায় থাকবে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার এবং রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। একই সময়ে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। রবিবার থেকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ দোলের পরই ভাগ্যের চাকা ঘুরবে! রাহু-কেতুর প্রভাবে ৫ রাশির হাতে আসবে অর্থ ও সাফল্য!

উত্তরবঙ্গে সাময়িকভাবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে, যদিও পরবর্তী সময়ে তা আবার বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে, যা গ্রীষ্মের দাবদাহকে আগেভাগেই টের পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে ঝড়-বৃষ্টি না হলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হতে পারে। এখন দেখার, মার্চের মাঝামাঝি কি কালবৈশাখীর দেখা মিলবে, নাকি গরমের দাপট আরও বাড়বে!

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles