দীর্ঘদিন ধরে প্রেম করার পরই বিয়ে হয়েছিল তাদের। দুই সন্তানও ছিল দম্পতির। কিন্তু আচমকাই স্বামীর টাকাপয়সা সব হাতিয়ে বাড়ি ছাড়লেন গৃহবধূ। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই বাড়ি ছেড়েছেন ওই বধূ।
কী ঘটেছে ঘটনাটি?
বছর আটেক আগে বীরগড় ঘোরাঘাটা এলাকার বাসিন্দা সুদীপা সরকারের সঙ্গে বিয়ে হয় পেশায় কাঠমিস্ত্রি বাসুদেব বিশ্বাসের। দুটি সন্তানও রয়েছে ওই দম্পতির। স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটিএম কার্ড সবকিছুই দেখাশোনা করতেন সুদীপা, এমনটাই জানা গিয়েছে।
বাসুদেবের এটিএম কার্ডের পাসওয়ার্ডও জানতেন সুদীপা। আর সেই সুযোগ নিয়েই টাকা তুলে নিতেন তিনি। এভাবে মোট ১ লক্ষ ২১ হাজার টাকা তুলেছিলেন বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, গতকাল, শনিবার সুদীপা জানান তাঁর বাবা অসুস্থ তাই বাপের বাড়ি বাড়ি যাবেন। এই বলে বাড়ি থেকে বের হন তিনি। তাঁর সঙ্গে ছিল আড়াই বছর বয়সি মেয়ে। কিন্তু সাতবছরের ছেলেকে বাড়িতেই রেখে যান সুদীপা।
কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও বাড়ি ফেরেন নি সুদীপা। স্ত্রী ও সন্তানের কোনও খোঁজই পাচ্ছিলেন না বাসুদেব। শ্বশুরবাড়িতে ফোন করে জানতে পারেন যে তাঁর স্ত্রী সেখানে যান নি। আত্মীয়স্বজনদের বাড়ি খোঁজ নেওয়া হলেও কোনও খবর মেলে নি সুদীপার। এরপর বাধ্য হয়েই কৃষ্ণগঞ্জ থানার দ্বারস্থ হন বাসুদেব। তাঁর দাবী, পরকীয়ার জেরেই ঘর ছেড়েছেন তাঁর স্ত্রী।





