জীবপ্রেম! পথকুকুরদের জন্য এক মহান উদ্যোগ নিল হাওড়া পঞ্চায়েত, সারমেয়দের খাবার ও জলের জন্য তৈরি হল আলাদা জায়গা

কথাতেই রয়েছে, ‘জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর’। স্বামী বিবেকানন্দের এই মহান উক্তি আমাদের মধ্যে আর মেনে চলি ক’জন। তবে এমন অনেক মানুষ রয়েছেন যারা এই অবলা, নিরীহ পশুদের জন্য কাজে নিজেদের উৎসর্গ করেছেন। সারমেয়দের জন্য প্রতিনিয়ত নানান চিন্তাভাবনা চলছে তাদের মধ্যে। এবার এই সারমেয়দের জন্য এক বড় উদ্যোগ নিল হাওড়া গ্রাম পঞ্চায়েত।

হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাস্তার সারমেয়দের জন্য তৈরি হল আলাদা খাবার ও জলের জায়গা। পঞ্চায়েতের ফান্ড থেকে আপাতত ওই এলাকার পাঁচ জায়গায় এই স্থান তৈরি করা হয়েছে,।

সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান সৌমেন গায়েনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। তাদের কথায়, প্রচণ্ড এই গরমের মধ্যে রাস্তার কুকুরদের জন্য এমন চিন্তা করার বিষয়টি খুবই ভালো ব্যাপার। কীভাবে তারা সঠিক সময়ে খাবার ও জল পাবে, সেই চিন্তাভাবনা থেকেই তৈরি হয়েছে এই জায়গাগুলি। নানান এলাকার পশুপ্রেমীদের এই জায়গা দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার দুপুরেই দেখা গেল এলাকাবাসীর দেওয়া খাবার খেতে ছুটে আসছে সারমেয়রা। তারাও যেন বুঝে গিয়েছে যে এই জায়গাটি তাদের জন্যই বানানো হয়েছে। তারা যে কোনও সময় এখানে এসে খাবার ও জল খেতে পারে।

পঞ্চায়েতের প্রধান সৌমেন্দ্র গায়েন জানান, তাদের কাছে একটা প্রায় ৪০ হাজার টাকা ফান্ড পড়েছিল৷ এই অল্প টাকা দিয়ে কি করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করা শুরু হয়৷ আর এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের পঞ্চায়েতের কাজ যেমন এলাকার মানুষের সুবিধা-অসুবিধা, রাস্তাঘাট, পানীয় জল ও আলোর ব্যবস্থা করা, তেমনই তাদের দায়িত্ব রয়েছে যে তাদের পঞ্চায়েত এলাকায় যে সমস্ত পথ কুকুর বা পশুপাখিরা রয়েছে, তাদের সুবিধা-অসুবিধার কথা মাথা রাখা৷ সেই চিন্তা ভাবনা থেকেই পথকুকুরদের জন্য খাবার ও জলের জায়গার ব্যবস্থা করেন সৌমেন গায়েন।
তাঁর কথায়, “সারমেয়দের খাবার জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে৷ এটি তৈরি করতে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা খরচ হয়েছে৷ এই ধরনের উদ্যোগ হাওড়া কেন গোটা পশ্চিমবাংলায় মনে হয় প্রথম, যেটা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে দিশা দেখাবে৷ মানুষের সঙ্গে সঙ্গে পরিবেশে থাকা সমস্ত রকমের পশুপাখিদেরও চিন্তাভাবনা পঞ্চায়েত প্রধানদের করতে হবে”।

আরও অন্যান্য খবর