HS 2025: পাশের হার ছুঁল ৯০.৭৯%! আগের রেকর্ড ছাপিয়ে কোন বিভাগ কতদূর এগোল?

ফল প্রকাশের দিন মানেই যেন রোলারকোস্টার রাইড! সকাল থেকে বাবা-মা’র টেনশন, হাতে ফোন নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বেগ— কোনওটাই নতুন নয়। পড়শির বাড়িতে বাজছে উলুধ্বনি, আর কারও ঘরে নিঃশব্দতা। উচ্চ মাধ্যমিকের ফল মানেই শুধু নম্বর নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে স্বপ্ন, প্রত্যাশা আর অজস্র না বলা গল্প।

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই বছরই শেষবারের মতো নেওয়া হল বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা। আগামী বছর থেকে চালু হবে সেমেস্টার ব্যবস্থা। তাই এই পরীক্ষাকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে ছিল দ্বিগুণ চাপ ও প্রত্যাশা। দীর্ঘ প্রস্তুতির পরে ৩ মার্চ শুরু হয়েছিল পরীক্ষা, যা শেষ হয় ১৮ মার্চ। তারপর থেকেই গুনে গুনে কেটেছে প্রতিটি দিন, আজ তার পরিসমাপ্তি।

৭ মে সকালে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। মোট ৪৮২৯৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দেয় ৪৭৩৯১৯ জন। এদের মধ্যে পাশ করেছে ৯০.৭৯ শতাংশ। গত বছরের তুলনায় একটু বেশি। পুরুষ পরীক্ষার্থীদের পাশের হার ৯২ শতাংশেরও বেশি, যেখানে মহিলা পরীক্ষার্থীরা পাশ করেছে প্রায় ৮৮ শতাংশ। রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর বরাবরের মতো শীর্ষে, যেখানে পাশের হার ৯৬.৯৯ শতাংশ। দ্বিতীয় স্থানে দক্ষিণ দিনাজপুর এবং তৃতীয় স্থানে বাঁকুড়া।

যাঁরা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছেন, তাঁদের মধ্যে পাশের হার সবচেয়ে বেশি— ৯৭.৫৬ শতাংশ। বাণিজ্য বিভাগে এই হার ৯২.৭৪ শতাংশ, আর কলা বিভাগে ৮৮.৭৪ শতাংশ। ছেলেরা যেখানে সামান্য এগিয়ে, মেয়েরা সেখানেও টেক্কা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে। জেলার দিক থেকেও ফলাফল চমকপ্রদ— পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মালদা, নদিয়া— প্রত্যেক জায়গা থেকেই উঠে এসেছে একাধিক মেধাবী মুখ।

1. রূপায়ন পাল – বর্ধমান সিএমএস হাই স্কুল (৯৯.৪% – ৪৯৭ নম্বর)

2. তুষার দেবনাথ – বাশিহাট হাই স্কুল, কুচবিহার (৯৯.২% – ৪৯৬ নম্বর)

3. রাজর্ষী অধিকারী – অরামবাগ হাই স্কুল, হুগলি (৯৯% – ৪৯৫ নম্বর)

4. প্রতীচী রায় তালুকদার – সুনীতি একাডেমি, কোচবিহার (৯৮.৬% – ৪৯৩ নম্বর)

5. স্নেহা ঘোষ – কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, চন্দননগর (৯৮.৬% – ৪৯৩ নম্বর)

6. সায়ন্তন মাইতি – কন্টাই হাই স্কুল, কাঁথি (৯৮.৪% – ৪৯২ নম্বর)

7. সুস্বাতী কুন্ডু – বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, বাঁকুড়া (৯৮.৪% – ৪৯২ নম্বর)

8. সুপ্তোত্থিতা সরকার – বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির, মালদহ (৯৮.৪% – ৪৯২ নম্বর)

9. সৌনক কর – স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা (৯৮.৪% – ৪৯২ নম্বর)

10. সানন্দা রায় – নবনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়, বীরভূম (৯৮.৪% – ৪৯২ নম্বর)

আরও পড়ুনঃ Operations sindoor : ভারতের রাতের হামলায় কাঁপছে পাকিস্তান! ‘অপারেশন সিঁদুর’-এর পর যুদ্ধ পরিস্থিতি, জরুরি অবস্থা পাঞ্জাবে!

এই সাফল্য শুধু এক একটি নম্বর নয়, বরং এক একটি স্বপ্নের চাবিকাঠি। যাঁরা এবার সফল হলেন, তাঁদের জন্য শুরু হল জীবনের এক নতুন অধ্যায়। আর যাঁরা চেয়ে ছিলেন একটু বেশি, তাঁদের জন্যও ভবিষ্যতে অপেক্ষা করছে অনেক সম্ভাবনা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles