উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্বেগের দিন শেষ। বাকি থাকা পরীক্ষার সম্ভাব্য নির্ঘণ্ট জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, আগামী ২৯শে জুন, ২রা এবং ৬ই জুলাই পরীক্ষাগুলি হতে পারে। তবে কোন দিন কি বিষয়ে হবে সেটি এখনও জানা যায়নি। সে বিষয়ে আলোচনা করবে স্কুলশিক্ষা দফতর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সম্ভাবনা রয়েছে।
করোনা সংক্রমন ঠেকাতে মার্চ মাসে স্থগিত হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরপর চিন্তায় পড়ে পরীক্ষার্থীরা। কবে আবার পরীক্ষা হবে তার নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। কিন্তু এই খবরে একটু নিশ্চিন্ত হল পরীক্ষার্থীরা।
তবে চলতি করোনা পরিস্থিতিতে পরীক্ষা হলে তার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে চলেছে রাজ্য। পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্র গুলিতে আগের থেকে পড়ুয়ার সংখ্যা কমানো হচ্ছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানান, বাকি তিনটি পরীক্ষার জন্য রাজ্যের প্রায় ২,৫০০ টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হবে। প্রতিটি কেন্দ্রে বড়জোর ৮০-১০০ জন করে পরীক্ষার্থী থাকবে।
আগে পরীক্ষাকেন্দ্রে ২৫০-৩০০ জনের সিট পড়ত। কিন্তু এখন করোনা সংকটের জেরে সেই সংখ্যাটা কমিয়ে আনা হচ্ছে। অর্থাৎ পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। তারপর থেকেই পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন দানা বাঁধতে থাকে। যদি পরীক্ষার্থীর সংখ্যা কমানো হয় তবে তো অনেক পরীক্ষার্থীর কেন্দ্র বদল হতে পারে! তবে সেই বিষয়ে কীভাবে জানা যাবে? সূত্রের খবর, পরীক্ষার কেন্দ্র বদল করা হলে তা সময়মত প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারপর স্কুল থেকেই পড়ুয়ারা সে বিষয় জানতে পারবে।
পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে। পড়ুয়াদের মধ্যে সংক্রমন যাতে না ছড়ায় তাই সবাইকে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে হবে। পরতে হবে মাস্কও। পাশাপাশি সূত্রের খবর, শিক্ষকদের জন্যও থাকবে বিশেষ নির্দেশিকা।





