Extramarital relationship : ‘স্বামীর সময় নেই, ওঁর আছে’— মোবাইল প্রেমে মজে ঘর ছাড়ছেন শত শত গৃহবধূ!

আজকের দিনে সোশ্যাল মিডিয়া যেন এক নিঃশব্দ বিপ্লব ঘটাচ্ছে সম্পর্কের জগতে। কাজের চাপে, দূরত্বে অথবা মনোমালিন্যে জর্জরিত দাম্পত্য জীবনে একাকিত্বের ছায়া নেমে আসছে বহু নারীর মনে। সেই সুযোগেই ‘ভার্চুয়াল প্রেম’-এর হাতছানি। ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে অপরিচিত এক যুবকের ‘মিষ্টি কথায়’ তৈরি হচ্ছে নতুন সম্পর্ক। আর সেই সম্পর্কই কখনও কখনও ভেঙে দিচ্ছে গোটা সংসার।

উত্তর ২৪ পরগনার বারাসত পুলিস জেলার তথ্য আরও উদ্বেগজনক। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মাত্র পাঁচ মাসে নিখোঁজ হয়েছেন ৫৩৬ জন যুবতী। যার মধ্যে প্রায় ৫০০ জনই বিবাহিত! সূত্রের খবর, এই মহিলারা বেশিরভাগই নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়েছেন—পরপুরুষের হাত ধরে। কেউ পালিয়েছেন পরিচিত ব্যবসায়ীর সঙ্গে, কেউ বা ঠিকাদারের হাত ধরে, আবার কেউ স্বামীর সহকর্মীর প্রেমে পড়ে পা বাড়িয়েছেন নতুন জীবনের দিকে। শুধু তাই নয়, কারও কারও ঘরে রয়েছে ছোট সন্তানও।

থানায় স্বামী বা পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি হলে পুলিস তৎপর হচ্ছে ঠিকই, তবে সমস্যা একটাই—প্রাপ্তবয়স্কা মহিলাদের ‘জোর করে’ ফেরানো যায় না। অনেক সময় খোঁজ পাওয়ার পরেও তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, ‘ফিরতে চাই না’। এমন পরিস্থিতিতে বহু স্বামীই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। লজ্জা ও সামাজিক মর্যাদার কথা ভেবে অনেকে নিজের পরিচয় গোপন রাখতেও অনুরোধ করছেন পুলিসকে।

শুধু গৃহবধূ নয়, ওই একই সময়ে নিখোঁজ হয়েছেন ১৯৯ জন নাবালিকা ও ৩৩ জন নাবালক। তবে আশার খবর, এর মধ্যে ২৫ জন নাবালক ও প্রায় ১৭০ জন নাবালিকাকে উদ্ধার করতে পেরেছে বারাসত পুলিস জেলার বিভিন্ন থানা। নাবালকদের ক্ষেত্রে আইনত জোর প্রয়োগ করা গেলেও, গৃহবধূ বা প্রাপ্তবয়স্কাদের বেলায় বিষয়টি হয়ে পড়ছে অত্যন্ত জটিল।

আরও পড়ুনঃ Weather update: আলিপুরের চূড়ান্ত সতর্কতা! নিম্নচাপে তীব্র বৃষ্টি, বিপদে উত্তর–দক্ষিণবঙ্গ!

বিশেষজ্ঞদের মতে, সমাজে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত শুধু সাইবার অপরাধ নয়, সম্পর্ক ভাঙারও অন্যতম কারণ হয়ে উঠেছে। একাকিত্ব আর দাম্পত্য জীবনের জটিলতার মাঝে অনেকেই খুঁজে নিচ্ছেন ভার্চুয়াল আশ্রয়। আর সেই ‘আশ্রয়’ই ক্রমে পরিণত হচ্ছে বাস্তবের প্রেমে, যার পরিণতি—নিখোঁজ গৃহবধূ, ভেঙে পড়া সংসার এবং নিঃসঙ্গ স্বামী। সমাজবিদদের মতে, এখনই সতর্ক না হলে আগামী দিনে এই প্রবণতা আরও ভয়ানক রূপ নিতে পারে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর