যদি রাজ্য চায় তাহলে খুলে দেওয়া হবে স্কুলের গেট। এমনটাই জানালো শিক্ষামন্ত্রকের নির্দেশিকা। অভিভাবকদের অনুমতি মিললে ১৫ই অক্টোবর থেকে খুলে যেতে পারে স্কুল। কিন্তু নির্দেশিকায় নির্দিষ্ট করা হয়েছে কিছু বিশেষ বিধি। জানানো হয়েছে, অভিভাবকের লিখিত অনুমতি পেলে তবেই একমাত্র স্কুলে যাবে ছাত্রছাত্রীরা। একইসঙ্গে নির্দেশিকায় জানানো হয়েছে সব ক্লাস একদিনে, একসঙ্গে নয়, ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে।
নির্দেশিকা স্পষ্ট করা হয়েছে স্কুলের গেট খোলার আগে পুরো স্কুল চত্বর স্যানিটাইজ করতে হবে। স্কুলের সবকটি গেটে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। হস্টেলের ঘর ও হস্টেল চত্বর জীবাণুমুক্ত করতে হবে। ক্লাসে অন্তত ৬ ফুট দূরত্বে বসার ব্যবস্থা করতে হবে। স্কুলে সবসময় মাস্ক পরে থাকতে হবে। মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
স্কুলে হাজিরায় কোনও নিয়ম থাকবে না। স্কুল খোলার তিন সপ্তাহ পর্যন্ত কোনও পরীক্ষা নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। একইসঙ্গে স্কুল খুললেও অনলাইন ক্লাসের ওপর জোর দিতে হবে। প্রয়োজনে শিক্ষাবর্ষ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে হবে।





