“দিলীপদাকে বলো”, নতুন কর্মসূচি নিল বিজেপি, চালু হল নয়া হেল্পলাইন নম্বর

সাধারণ মানুষকে সাহায্য করতে আরো একবার নতুন একটি পদক্ষেপ নিল বিজেপি। একটি হেল্পলাইন নম্বর বিজেপির পক্ষ থেকে চালু করা হলো যেখানে ফোন করে মানুষ দুর্নীতি সংক্রান্ত সমস্ত অভিযোগ জানাতে পারেন। নম্বরটি হল, ৭০৪৪০৭০৪৪০।

বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই হেল্পলাইন নম্বর চালুর কথা ঘোষণা করেন। এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গে যে হারে দুর্নীতি ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে অভিযান চালাতে বদ্ধপরিকর বিজেপি। এই অভিযানের ভিত শক্ত করতে একটি হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। মানুষ কোথাও দুর্নীতি শিকার হলেন আমাদের এই হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারেন। সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই নম্বরে ফোন করা যাবে।”

জানা গিয়েছে যে, রাজ্য বিজেপির সদর দফতরে এই অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। বিজেপির আইটি সেল এর কর্মীরা এই বিষয়টি দেখভাল করবেন। দিলীপ ঘোষের কাছে প্রতিদিন এই সংক্রান্ত ব্যাপারে যাবতীয় রিপোর্ট পেশ করা হবে।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় যেমন “দিদিকে বলো” কর্মসূচি নিয়েছিলেন সেরকমই একটি কর্মসূচি নিল বিজেপি। এর নাম দেওয়া হয়েছে “দিলীপদাকে বলো”। সোমবার থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে তবে জানা গিয়েছে ফোনে নয় মেইলে পাঠাতে হবে নিজের বক্তব্য।  সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য বিজেপির রাজ্য সভাপতির নামে একটি মেইল আইডি খোলা হচ্ছে। সাধারণ মানুষ যে কোন বিষয়ে যে কোনো অভিযোগ ওই মেলে জানাতে পারবেন। মেল পাঠানোর সময় সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এদিন সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন,” শান্তিনিকেতন নিয়ে যেটা চলছে সেটা দুঃখের বিষয়। যারা আমাদের বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বলে অভিযোগ করেছিল তারাই আজ রবীন্দ্রনাথের শান্তিনিকেতনকে উড়িয়ে দিচ্ছে। যারা ঐতিহ্য নিয়ে গর্ব করে তারাই দ্বিতীয় তালিবানি শক্তি রাজ করাচ্ছে।

বিজেপির নতুন কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে বেশ সাড়া পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহল বলছে, প্রতিদিন অভিযোগ পাওয়ার বহর দেখেই দিলীপ ঘোষ বুঝে নিতে চাইছেন রাজ্যের মানুষ তাঁকে কতটা চায়। সেই বুঝেই হয়তো আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য নতুন করে কোনো ছক সাজাবে বিজেপি।

RELATED Articles

Leave a Comment