খাদ্য দফতরের নিয়োগেও বেনিয়মের অভিযোগ, দুর্নীতি প্রমাণিত হলে নিয়োগ বাতিল করা হবে, হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের

শিক্ষাক্ষেত্র, পুরসভা তো ছিলই, এবার খাদ্য দফতরের নিয়োগেও বেনিয়মের অভিযোগ উঠল। সরকারি নিয়োগ প্রক্রিয়াতে যদি কোনও গলদ দেখা যায়, তাহলে সেই নিয়োগ বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট।

খাদ্য দফতরের ফুড ইন্সপেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। গতকাল, শনিবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এই মামলায় বিচারপতি হরিশ ট্যান্ডনের পর্যবেক্ষণ, তদন্ত করে যদি প্রমাণিত হয় যে খাদ্য দফতরের নিয়োগে কোনও বেনিয়ম হয়েছে, তাহলে ওই নিয়োগ বাতিল করা হবে।

উল্লেখ্য, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০১৮ সালে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা হয়। এই পরীক্ষার ভিত্তিতে ২০২১ সালে প্রায় ১০০ জনকে নিয়োগ করা হয়। ফুড ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য ২০২০ সালের ৩১ ডিসেম্বর প্যানেল প্রকাশিত হয়।

সেই প্যানেলে অনুযায়ী, সেখানে  নাম ছিল ৯৫৭ জনের। ১০০ জন চাকরিও পেয়েছিলেন। কিন্তু অভিযোগ, সেই নিয়োগে স্বচ্ছতা নেই। এই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। প্রায় ৮০ জন চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হন।

মামলাকারীদের অভিযোগ, পরীক্ষায় একাধিক বেনিয়ম হয়েছে। সংরক্ষণ থেকে শুরু করে ইন্টারভিউ প্রক্রিয়া, সবেতেই দুর্নীতি হয়েছে। এমনকি, প্রশ্নপত্রেও ভুল ছিল বলে অভিযোগ করেন মামলাকারীরা। গতকাল, শনিবার এই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বিশেষ ডিভিশন বেঞ্চে। রাজ্য এদিন জানায় যে এই মামলায় ৩০ জনকে যুক্ত করা হয়েছে। বাকিদের মামলায় যুক্ত করার কথা বলা হয়েছে আদালতে। তা না হলে নিয়োগের ক্ষেত্রে রায়ের উপর প্রভাব পড়তে পারে।

RELATED Articles