বাংলার রাজনীতির উত্তাপ ছড়াচ্ছে দিল্লিতে। আজ বঙ্গ বিজেপির নির্বাচনী কৌশল নিয়ে জরুরি বৈঠকে বসবেন দিল্লির নেতারা। এপ্রিলের শেষ সপ্তাহেই বাংলায় বিধানসভা নির্বাচন শেষ করতে হবে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় এসে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে কমিশনের নির্দেশ দিয়ে গেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
আর তাই সঠিকভাবে দেখতে গেলে বাংলা রাজনৈতিক দলগুলির হাতে আর মাত্র সময় রয়েছে দু’মাস। আর তা মাথায় রেখেই বঙ্গে বিজেপির নির্বাচনী রণনীতি নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক বসছে রাজধানীতে। উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের। দুপুর তিনটে থেকে শুরু হওয়ার কথা এই বৈঠক। কথা রয়েছে বিজেপির চাণক্য অর্থাৎ অমিত শাহ্ও এই বৈঠকে যোগ দিতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ বিজেপির দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে বসবে বিজেপির এই বৈঠক। রাজ্য রাজনীতির সাম্প্রতিক চিত্র বলছে, ইতিমধ্যেই বঙ্গে বিজেপির ভোট স্ট্র্যাটিজি দিল্লির নেতাদের হাতে তুলে দেওয়া সম্পন্ন। বাংলার ওপর ঈগলের দৃষ্টি রেখেছে দিল্লির বিজেপি হাইকমান্ড। এতদিন ধরে বাংলার তাদের যে ‘হোম ওয়ার্ক’ দিয়েছিলেন অমিত শাহ আজ সম্ভবত সেই কাজের হিসেব নেবেন তিনি।
দেশের আসন্ন নির্বাচনী ক্যালেন্ডার বলছে, ২০২১-এ অসম , পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আগামী সপ্তাহেই এই দুই রাজ্যে যেতে পারে নির্বাচন কমিশনের দল। মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা ছাড়াও কমিশনের টিমে থাকবেন রাজীব কুমার ও সুশীল চন্দ্র। ইতিমধ্য়েই বঙ্গে নির্বাচনী পরিস্থিতির হালহকিকত খতিয়ে দেখতে এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন।