দুর্গাপুরে অর্জুন সিং-এর সামনে বিজেপি যোগদান মেলা’র মঞ্চে হাতাহাতি! বিজেপিতে যোগ দিতে চলা তৃণমূলীরাই অভিযুক্ত! 

বিজেপি যোগদান মেলা’র মঞ্চেই এবার হাতাহাতি। বিধানসভা নির্বাচনের আগে বাংলা জুড়ে যোগদান কর্মসূচি করছে বিজেপি। দলে দলে মানুষ যোগ দিতে আসছেন পদ্ম শিবিরে। আজ অর্থাৎ সোমবার আসানসোল সাংগঠনিক জেলার তরফে যোগদান মেলার আয়োজন করা হয় দুর্গাপুরের পলাশডিহাতে।
যথারীতি নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে যান বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, জেলা সভাপতি লক্ষ্ণণ ঘড়ুই-সহ অন্যান্যরা। সবকিছু চলছিল নিয়ম মেনেই, হঠাৎই তাল কাটলো।
যোগদান শুরুর কিছুক্ষণ আগে আচমকাই মঞ্চে উঠে এসে, ভাঙচুর শুরু করে কয়েকজন যুবক। এরপর শুরু হয় হাতাহাতি। উত্তপ্ত হয়ে ওঠে সভাস্থল। জখম হন প্রায় ৬ জন। দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
সাংসদ অর্জুন সিং এর সামনে এরকম ঘটনা ঘটার পর, বিজেপির জেলা সভাপতি লক্ষ্ণণ ঘড়ুইয়ের অভিযোগ, এই অশান্তির নেপথ্যে রয়েছে শাসক দল তৃণমূল। পরিকল্পনামাফিক এভাবে ঝামেলা তৈরির চেষ্টা করেছে তাঁরা। আহত এক বিজেপির কর্মীর কথায়, “যে সকল তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিতে এসেছে, তাঁদের মধ্যে থেকেই এই হামলা চালানো হয়েছে।” অভিযুক্তদের শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, আজ বিজেপির যোগদান মেলা মঞ্চে বাম আমলের অবৈধ কয়লা ব্যাবসার বেতাজ বাদশা কয়লা মাফিয়া রাজু ঝা বিজেপিতে যোগ দেন। তার সঙ্গে ওই সময়ের ‘রাজু কোম্পানি’র সহযোগী উৎপল রায়, পার্থ চট্টোপাধ্যায় সহ ১৫০ জন বেআইনি কয়লা পাচারে অভিযুক্তরাও বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের হাত থেকে দলের পতাকা গ্রহণ করেন।

RELATED Articles