চলতি করোনার আবহে মিলল কিছুটা স্বস্তি। গতকালই স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যে সুস্থতার হার বৃদ্ধির কথা। আজ সরকারী স্বাস্থ্য দপ্তরের বুলেটিনেও তা প্রকাশ পেলো। এ রাজ্যে একলাফে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬২.৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৫৩১ জন।
যদিও রাজ্যে আগের থেকে করোনা সংক্রমনের হারও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৩৭০ জন সংক্রামিতের হদিশ পাওয়া গেছে। ২৩শে জুন পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭২৮ জন। এছাড়া ২৩শে জুন সক্রিয় করোনা কেসের সংখ্যা ৪,৯৩০। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ১১ জন। এই নিয়ে এখনো অবধি মোট মৃতের সংখ্যা ৫৮০।
পাশাপাশি দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার অতিক্রম করল। এখনও পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩১২। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় ১৫ হাজার। তবে সুস্থতার হার আগের থেকে বাড়ায় একটু স্বস্তি পেয়েছে দেশবাসী। এখনও পর্যন্ত দেশে করোনামুক্ত প্রায় আড়াই লক্ষ মানুষ।





