আগেই পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা ট্রেন বন্ধের অনুরোধে রেলমন্ত্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। এবার ভিন রাজ্য থেকে আসা বাস পরিষেবাও বন্ধ করে দেওয়া হল। পরিবহণ দফতরের সচিব বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, ”রাজ্যে করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ২১ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত ভিন রাজ্যে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হল। একইভাবে ভিন রাজ্যের বাসগুলিকে ঢুকতে দেওয়া হবে না রাজ্যে। সংশ্লিষ্ট সবপক্ষকে এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করতে অনুরোধ করা হচ্ছে।”

রাজ্য সরকারের মতে, বিমানবন্দরে যদিও বা নজরদারি করা সম্ভব। কিন্তু ট্রেনে প্রচুর মানুষের মধ্যে কেউ ভাইরাস সংক্রামিত হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সেই কারণে রেলকে চিঠি লিখে আপাতত দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ রাখার আর্জি করল নবান্ন। চিঠিতে বলা হয়েছে, ”নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে ২২ মার্চ মধ্যরাত থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা ট্রেনগুলি বন্ধ করা হোক। আপাতত তা কার্যকর থাকুক ৩১ মার্চ পর্যন্ত।”

এদিকে শনিবার রেল কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে জানি দিয়েছে, জরুরি পরিষেবা স্বাভাবিক রাখতে নাম মাত্র লোকাল ট্রেন চালানো হবে। সে কারণে যাত্রীদের একান্ত প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর আবেদন করেছে রেল কর্তৃপক্ষ। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত কোনও দূরপাল্লা, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন ছাড়বে না বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রাত ১২টার আগের ট্রেনগুলি ছাড়বে নির্ধারিত সূচি মেনে। যাত্রাপথে থাকা ট্রেনগুলি কেবল সচল থাকবে।





