গোটা ঘটনায় অভিযোগ উঠেছিল স্বাস্থ্য দপ্তরের দিকে। কিন্তু বরাবরই যেরকম দাবার খেলায় বোড়েকেই প্রাণ দিতে হয় সেরকম এবার বনগাঁ হাসপাতাল কাণ্ডে বলির পাঁঠা হতে চলেছেন অ্যাম্বুলেন্স চালক।
বনগাঁ হাসপাতালে অ্যাম্বুল্যান্সে উঠতে গিয়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় অ্যাম্বুল্যান্স চালককেই শাস্তি দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য দপ্তর। ওই ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গড়েছেন উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ইতিমধ্যে হাসপাতালে গিয়ে সংশ্লিষ্ট প্রত্যেকটি পক্ষের সঙ্গে কথা বলেছেন তাঁরা। সূত্রের খবর, আজই CMOH-কে রিপোর্ট দিতে চলেছেন তাঁরা। জানা গিয়েছে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কিছুদিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা যায় করোনা আক্রান্ত এক বৃদ্ধ অ্যাম্বুলেন্সে উঠতে গিয়ে মাটিতে পড়ে যান কিন্তু তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার মত সাহায্য কেউ করেননি, কিছুক্ষণ পরে তিনি রাস্তাতেই মারা যান। এই ভিডিও দেখে শিউরে ওঠেন সকলে। জানা যায় ঘটনাটা বনগাঁর। বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে অ্যাম্বুল্যান্সে উঠতে গিয়ে মারা যান ওই করোনা রোগী।
স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে প্রবল শোরগোল পড়ায় বাধ্য হয়ে ওই ঘটনায় দোষীদের চিহ্নিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছেন উত্তর ২৪ পরগনার CMOH. কমিটিতে রয়েছেন, জেলা মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য আধিকারিক, জেলা স্বাস্থ্য প্রশাসনিক আধিকারিক ও বনগাঁর সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ইতিমধ্যে অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালকের সঙ্গে কথা বলেছেন তাঁরা। সূত্রের খবর, আজই এই ঘটনায় CMOH-কে রিপোর্ট দিতে চলেছে তদন্ত কমিটি।
সূত্র মারফত জানা যাচ্ছে যে হাসপাতাল থেকে জানানো হয়েছে রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার জন্য যে লোক লাগবে সেটা ওই অ্যাম্বুলেন্স চালক জানাননি। তাই গাফিলতি ওই চালকেরই।
আবার ওই অ্যাম্বুলেন্স চালক পাল্টা জানাচ্ছেন যে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি। দোষারোপ, পাল্টা দোষারোপের পালা চলছে হাসপাতাল এবং ওই অ্যাম্বুলেন্স চালকের মধ্যে। যদিও সাধারণ মানুষ চাইছেন যে প্রকৃত দোষী শাস্তি পাক।





