সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে যে কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা প্রত্যেক মাসে রাজ্য সফরে আসবেন, তা আগেই জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত ডিসেম্বর মাসেই দু’দিনের রাজ্য সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এইমাসে ফের একবার বাংলায় সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
কেন্দ্রীয় নেতারা সফরে এসে কখনও বাউল বাড়িতে, কখনও আদিবাসীর বাড়িতে, আবার কখনও মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছেন। এবারেও তার অন্যথা হল না। নাড্ডা মধ্যাহ্নভোজন সারলেন কাটোয়ার এক কৃষকের বাড়িতে।

এদিন কাটোয়ায় পৌঁছে রাধাগোবিন্দের মন্দিরে পুজো দিয়ে নাড্ডা যান মুস্থুলসি গ্রামে। সেখানে মথুরা মণ্ডলের কৃষকের বাড়িতে তাঁর আজকের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। এদিন একঝাঁক কর্মসূচীর ফাঁকেই জগদানন্দপুরে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন নাড্ডা। সূত্রের খবর অনুযায়ী, আজ নাড্ডার পাতে ছিল ভাত, লেবু, শাক, বেগুন ভাজা, আলুভাজা, সর্ষে ফুলের বড়া, পাঁচমিশালি তরকারি, সবজি দিয়ে ডাল, ফুলকপির তরকারি, চাটনি, খেজুর গুঁড়ের পায়েস ও মিষ্টি। আর ছিল কাটোয়ার স্পেশাল বেগুনী। কৃষকের স্ত্রী নিজের হাতে রান্না করেন বিজেপির সর্বভারতীয় সভাপতির জন্য।

এদিন নাড্ডাকে স্বাগত জানাতে সুন্দর করে আলপনা দিয়ে সাজানো হয়েছিল মথুরা মণ্ডলের বাড়ি। এই প্রসঙ্গে মথুরা মণ্ডলের স্ত্রী মানবী মণ্ডল বলেন, “ওঁর সঙ্গে তেমনভাবে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু ওঁর মতো এত বড় মানুষ আমাদের বাড়িতে এলেন, তৃপ্তি করে খেয়েছেন, এতেই আমরা খুশি। এদিন শুধু মধ্যাহ্নভোজনই নয়, একটি কৃষক বাড়িতে থাকা গরুদের খাইয়ে গোমাতার সেবা করেও যান জে পি নাড্ডা। তারপর সেই বাড়িসহ আসেপাশের আরও কিছু কৃষকের বাড়ি থেকে তিনি সংগ্রহ করবেন ধান ও কিছু আনাজ।

এদিন কাটোয়ার এই মুস্থুলি গ্রামেই ছিল তাঁর সভা। এখানে সভা সেরে বর্ধমান শহরে রোড শো করবেন নাড্ডা। গতবার নাড্ডার কনভয় হামলা ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই কারণে পুলিশি নিরাপত্তায় বেশ কড়াকড়ি করা হয়। উক্ত সভাস্থল ও রোড শো-য়ের রুটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। জানা গিয়েছে এদিন বর্ধমান ও কাটোয়া, দুই জায়গাতেই এসপি পদমর্যাদার কর্তারা উপস্থিত ছিলেন। কাটোয়ায় ছিলেন আটজন ডিএসপি ও বর্ধমান শহরে ছিলেন ১২ জন ডিএসপি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!