গতকালই প্রকাশিত হয়েছে কলকাতা পুরসভা নির্বাচনের ফলাফল। আর এর পরদিনই অর্থাৎ আজ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি যে অমিত শাহ্’র সঙ্গে বৈঠকে বসতে চলেছেন, এর ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন।
আজ সকালেই টুইট করে অমিত শাহ্’র সঙ্গে সাক্ষাতের কথা জানান রাজ্যপাল। এদিন প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক চলে দু’পক্ষের। কথাবার্তা শেষ হওয়ার পরও টুইট করেন জগদীপ ধনখড়। তবে বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি।
গত রবিবার ছিল কলকাতা পুরভোট। ফলপ্রকাশের পর দেখা যায় শহরে সবুজ ঝড়ই উঠেছে। এর পরদিনই অমিত শাহ্’র সঙ্গে জগদীপ ধনখড়ের এই সাক্ষাতের কারণ যে পুরভোটই, এমনটাই মত রাজনৈতিক মহলের।
রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার রাজ্য সরকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জগদীপ ধনকড়। কখনও শিক্ষা তো কখনও স্বাস্থ্য, তো আবার কখনও প্রশাসনিক ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি। পুরভোটের আগেও একাধিকবার রাজ্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন রাজ্যপাল।
শুধু তাই-ই নয়, পেগাসাসের তদন্ত কমিটি, বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘মা ক্যান্টিন’ প্রকল্পের বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলেছেন। অর্থদপ্তরের প্রধান সচিবের কাছ থেকে রিপোর্টও তলব করেছিলেন।
এই সংঘর্ষের মধ্যেই হয় কলকাতা পুরভোট। বিরোধীরা দাবী জানিয়েছিল যাতে কলকাতা পুরভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু সে আর্জি খারিজ হয় কলকাতা হাইকোর্টে।
তবে ভোটের দিন শহরজুড়ে নানান ঘটনা ঘটে। ভোটে অনিয়মের অভিযোগ তোলা হয় বিরোধীদের তরফে। এই নিয়ে শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদও জানায় বিজেপি-সিপিএম-কংগ্রেস। এরপর ভোটের ফলাফল নিয়েও নানান অশান্তির ঘটনা ঘটে। ফলপ্রকাশের পরদিনই রাজ্যপালের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।





