রাজ্যে সম্পূর্ণরূপে লকডাউন কার্যকর করতে ব্যর্থ রাজ্য সরকার ও পুলিশ, দাবি রাজ্যপাল-এর

করোনার সংক্রমনের মধ্যে এবার রাজ্যের প্রশাসনের মধ্যে বিভেদ দেখা দিল। অবশ্য এই বিভেদ নতুন কিছু নয়। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সর্বদাই কোনো না কোনো বিষয়ে একে অপরের এক্তিয়ার নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন। এবার রাজ্যপালের ক্ষোভের নিশানায় মুখ্যমন্ত্রী ও তাঁর দফতর। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে রাজ্যপাল টুইট করেন, ‘পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ রাজ্যে সম্পূর্ণরূপে লকডাউন কার্যকর করতে ব্যর্থ। এমনকি ধর্মীয় জমায়েত বন্ধ কিংবা সামাজিক দূরত্ব তৈরি সব ক্ষেত্রেই প্রশাসন ব্যর্থ।’

তাঁর অভিযোগ, “করোনা সংক্রমন রোধে সম্পূর্ণভাবে লকডাউন কার্যকর করতে হবে। পুলিশ প্রশাসন সেই কাজ করতে পারছে না। তাই লকডাউনকে সফল করতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা প্রয়োজন।”

রাজ্যপালের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলেও নানা প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। প্রশাসনের তরফেও রাজ্যপালের মন্তব্যের পাল্টা বক্তব্য উঠে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানান, বিগত সময়ে অন্তত ১ হাজার ১৭৪টি বাজার এক স্থান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখনও রাজ্যের ২৫৬টি বাজারে লোক জমায়েত চলছে।কিন্তু সেখানে পুলিশের নজরদারিও সমানভাবে চলছে।

প্রসঙ্গত, কলকাতা সহ রাজ্যের একাধিক শহরতলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশ। রাস্তায় চলছে মাইক নিয়ে সচেতনতা। প্রত্যেককে বলা হচ্ছে ৩রা মে পর্যন্ত বাড়ির মধ্যেই থাকতে।

RELATED Articles

Leave a Comment