গতকালই বিধায়কপদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই রাজ্যপালকে চিঠি দিয়ে নিজের ভয়ের কথা জানালেন তিনি। মেদিনীপুরের হেভি ওয়েট নেতা ‘ভয়’ পাচ্ছেন। আজ, বৃহস্পতিবার শুভেন্দুর চিঠিরই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
শুভেন্দুকে নিয়েই ফের একবার মমতা-ধনখড়ের সংঘর্ষ তীব্র হল। গতকাল রাজ্যপালকে চিঠিতে শুভেন্দু জানান যে, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাঁকে মিথ্যে মামলায় ফাঁসাতে পারে পুলিশ”। তাঁর এই চিঠি পেয়েই নড়ে বসেন রাজ্যপাল। এই বিষয় নিয়েই আজ মুখ্যমন্ত্রীকে সতর্কতা বাণী দিয়ে দু’পাতার একটি চিঠি লেখেন ধনখড়।
আজ মমতাকে পাঠানো চিঠির একটি প্রতিলিপিও টুইট করেছেন রাজ্যপাল। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরবর্তীকালে শুভেন্দুকে যাতে মিথ্যেভাবে ফাঁসানো না হয়, সেদিকে মমতাকে নজর দিতে বলেন রাজ্যপাল। এদিন রাজ্য সরকারকে শানিয়ে তিনি লেখেন, “প্রশাসনিক শুদ্ধিকরণ প্রয়োজন। আপনার দীর্ঘ সময়ের সহকর্মী ভয় পাচ্ছেন প্রতিহিংসা থেকে। তাই আপনি আইন ও সংবিধানের মান রাখবেন আশা করি। রাজনৈতিক বিরোধীদের মিথ্যে মামলায় জড়ানো গণতন্ত্রের পরিপন্থী ও অসাংবিধানিক ও অপরাধ। এখানে বিরোধের কোনও জায়গা নেই”।
রাজ্যপালকে চিঠিতে শুভেন্দু জানান যে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরপর রাজ্য সরকার বা প্রশাসন প্রয়োজনে তাঁর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারে। মিথ্যে মামলাতেও ফাঁসাতে পারে। তাই তিনি রাজ্যপালকে জানান, তিনি যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন। এই কারণেই আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল।






