ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের বর্ডার-গাভাস্কার সিরিজের গোলাপি বলে প্রথম ম্যাচ শুরু হয়েছে অ্যাডিলেডে। এই দিন-রাতের টেস্ট ম্যাচের প্রথম দিন অধিনায়ক বিরাট কোহলি দুর্দান্ত ৭৪ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিরুদ্ধে সেট হয়ে গিয়েছিলেন বিরাট, মনে হচ্ছিল আজ তাঁর ব্যাটে বড় রান আসবে। এক সময় মনে হয়েছিল অ্যাডিলেডে বিরাট কোহলি আরও একটি সেঞ্চুরি পেয়ে যাবেন। তবে দুর্ভাগ্যজনক ভাবে তা ঘটেনি। অজিঙ্ক রাহানের ভুলের কারণে বিরাট রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
বিরাট যেভাবে ব্যাটিং করছিল মনে হয়েছিল অস্ট্রেলিয়ান বোলাররা তাকে আউট করতে পারবে না। নাথান লিয়ন বোলিং করছিলেন এবং রাহানে স্ট্রাইকে ছিলেন। রাহানে বল খেলেন এবং একটি রান নেওয়ার জন্য ডাক দেন, বিরাট কোনও কিছু না ভেবে দৌড়ে পিচের মাঝে চলে যায়। বলটি ততক্ষণে সরাসরি জস হ্যাজলউডের হাতে চলে যায় এবং তিনি ঘটনাক্রমে নন-স্ট্রাইকার প্রান্তে ছুড়ে মারেন, যেখানে লিয়ন বিরাটকে রান আউট করে দেয়। কল করেও রাহানে আর দৌড়ায় না, ফলে বিরাটকেই প্যাভিলিয়নে ফিরে আসতে হয়। যার জেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ বিরাট ভক্তদের।
রাহানের ইনস্টাগ্রাম পোস্টে ক্রমাগত তাকে আক্রমণ করতে থাকে নেটিজেনরা। বিরাটের রান আউটের জন্য তাকেই দোষারোপ করতে থাকে। অনেকে আবার এই বিষয়েও প্রশ্ন তোলেন প্রথম টেস্টের পরে বিরাট ভারতে ফিরে আসলে রাহানে কিভাবে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন। এরপরে রাহানেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি এবং ৪২ রান করে আউট হন। ম্যাচের প্রথম দিনেই হতাশ করেন রাহানে।






