এবার এই পথে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তিনি। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর ঘটনায় টুইট করে গভীর শোকপ্রকাশ করেন মোদী। একইসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। একইসঙ্গে যাঁরা দুর্ঘটনায় জখম হয়েছেন, তাঁদেরকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে জলপাইগুড়ির ধুপগুড়িতে জলঢাকা সেতুর কাছে বরযাত্রীদের গাড়ির উপর উল্টে যায় পাথরবোঝাই ট্রাক। যার জেরে প্রাণ হারান ১৪ জন। মৃতদের মধ্যে ৪টি শিশুও ছিল।
এদিন সকালে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। ঘটনার বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো হচ্ছে বলেও জানান রবীন্দ্রনাথ ঘোষ। সেই সঙ্গে তিনি আরও জানান, “প্রাথমিকভাবে জানা গিয়েছে যে লরিটি খুব খারাপ অবস্থায় ছিল। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে দেখে মনে হচ্ছে সেটি ওভারলোডেডও ছিল। যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” ধূপগুড়ির ময়নাতলি এলাকায় বুধবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতও হয়েছেন আরও ১১ জন। তাঁরা জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।






