‘খুব বেড়েছিস, বাবা তো গেছে, এবার তুইও যাবি’, ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ছেলেকে প্রাণে মারার হুমকি তৃণমূলের

ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ছেলে দেব কান্দুকে এবার হুমকি দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনায় গতকাল, শনিবার ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দেব কান্দু।

স্থানীয় এক তৃণমূল কর্মী ভীম তিওয়ারির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তবে ভীম সেই অভিযোগ অস্বীকার করেছেন। পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব জানায় যে এই অভিযুক্ত ভীমের সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই।

দেব কান্দু জানায় যে গতকাল, শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ সে বাজার করতে যাচ্ছিল। সেই সময় তাঁর পথ আটকায় ভীম। দেবের অভিযোগ, ভীম হুমকি দিয়ে জানান, “তোরা অনেক বেড়েছিস। তপনের একটাই ছেলে। ও তো গেল। এর পর তুইও যাবি। আমাদের তোরা চিনিস না। সতর্ক হয়ে যা। না হলে বিপদ আছে”।

এরপরই পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানায় দেব। পুলিশকে সে জানায় যে সে সন্ত্রস্ত ও ভীত। ভীমের বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেওয়া হয়, এমন আর্জিও সে জানায় পুলিশকে।

এদিকে এই ঘটনা অস্বীকার করে অভিযুক্ত ভীম বলেন, “এ সব অভিযোগ ভুয়ো। আমার সঙ্গে তপন কান্দুর ছেলের দেখা হয়নি। ঝালদা শহরে তো অনেক জায়গায় সিসি ক্যামেরা রয়েছে। সেগুলি খতিয়ে দেখা হোক। তা হলেই বিষয়টি জানা যাবে”।

এর আগে তপন কান্দু হত্যার ঘটনাতেও এই ভীমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন স্ত্রী পূর্ণিমা কান্দু। সেই প্রসঙ্গে ভীমের বক্তব্য, “অভিযোগ তো অনেকের নামেই হয়েছে। তার তদন্ত চলছে। মিথ্যা অভিযোগ করলেই তো হয় না”।

এই ঘটনায় তৃণমূলের পুরুলিয়া জেলার সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “ভীম তিওয়ারি তৃণমূলের কোনও পদে নেই। উনি তৃণমূল কর্মী কি না, সেটা স্থানীয় নেতৃত্বই বলতে পারবেন”।

RELATED Articles