সদ্যই বীরভূম জেলা বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এরপরই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ‘বিনোদনের পাত্র’ বলে কটাক্ষ করলেন তিনি। তাঁর কথায়, তৃণমূলও জানে যে অনুব্রতর কোনও ‘ফেস ভ্যালু’ নেই। তাঁর এমন মন্তব্যের পরই তাঁকে পাল্টা ‘মোষ’ বলে আক্রমণ করেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।
গতকাল, বুধবার বীরভূমে জেলা কমিটির বৈঠক করে বিজেপি। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি-র সহ-সভাপতি শ্যামাপদ মণ্ডল, জেলা বিজেপি-র সভাপতি ধ্রুব সাহা ও আরও অনেকেই। এই বৈঠকের পরই অনুব্রতকে আক্রমণ শানিয়ে জিতেন্দ্র বলেন, “সারা দিন কাজের চাপের ওঁর (অনুব্রতের) কথা শুনতে ভাল লাগে। সেটা তৃণমূলও জানে। রাজনৈতিক বিনোদন ছাড়া আর কোনও কাজের নন অনুব্রত”।
অনুব্রতকে নিয়ে তিনি আরও বলেন, “তৃণমূলও বোঝে, ওঁর কোনও ফেস ভ্যালু নেই। তাই, কখনও টিকিটও দেয় না। তারকাদের প্রার্থী করতে হয়। ওঁকে তৃণমূলই সিরিয়ালি নেয় না”।
বীরভূমে বিজেপিতে ভাঙন লেগেছে। এই প্রসঙ্গে জিতেন্দ্রর বক্তব্য, “যাঁরা অনুব্রতের মতো নেতার চোখে চোখ রেখে ভয় পেয়ে যাচ্ছেন আর যাঁরা এসি ঘরে বসে থাকতে চান, তাঁরাই দলবদল করছেন”।
এরপরই জিতেন্দ্রর এই মন্তব্যের পাল্টা খোঁচা দিতে ছাড়েন নি অনুব্রত। তিনিও আক্রমণ শানিয়ে বলেন, “পাণ্ডবেশ্বরে একটা মোষকে হারিয়ে এসেছি। আমাকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিলেন। আমি তা হতে চাইনি। আমি বিধায়ক বা পুরসভার সদস্যও হতে চাইনি। তবে এ বারের বিধানসভায় আমি একটা মোষকে আমি হারিয়ে এসেছি। তাই এই কথার কোনও উত্তর দেব না”।





