কঠিন পরিস্থিতি চলছে, টুইট করে জানালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর এই টুইটকে ঘিরেই নতুন করে ফের শুরু হয়েছে জল্পনা। তবে ঠিক কী কারণে এমন টুইট, তা এখনও পরিষ্কার করে জানা যায়নি।
আজ, সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে একটি আমেরিকান প্রবাদ লিখে টুইট করেন জিতেন্দ্র তিওয়ারি। লেখেন, “হোয়েন দ্য গোয়িং গেট্স টাফ, দ্য টাগ গেট্স গোয়িং’, অর্থাৎ পরিস্থিতি যখন কঠিন হয়, শক্ত মানুষই তার মোকাবিলা করতে পারে।
https://twitter.com/JitendraAsansol/status/1351019614210301959?ref_src=twsrc%5Etfw
দলের সঙ্গে যে তাঁর সম্পর্ক এখনও পরিষ্কার নয়, তা তিনি আগেই জানিয়েছিলেন। গত ডিসেম্বর মাসে দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হন জিতেন্দ্র তিওয়ারি। এরপর গত ১৬ই ডিসেম্বর তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও আসানসোল পুরসভার প্রশাসক থেকে ইস্তফা দেন তিনি। এরপরই শুরু হয় জল্পনা। অনেকের ধারণা ছিল, তিনি হয়ত দলত্যাগ কিরে বিজেপিতে যোগ দেবেন। কিন্তু পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর সমস্ত মান-অভিমানের পালা মিটে গিয়েছিল বলেই জানা যায়। তিনিও বলেন যে, তিনি অন্য কোথাও যাবেন না, দলেই থাকবেন।
কিন্তু দলে ফিরলেও নিজের পুরনো পদ ফেরত পাননি তিনি। পশ্চিম বর্ধমান জেলা কমিটি থেকে বাদ দেওয়া হয় জিতেন্দ্রকে। দলে ফিরে আসার পরেও তাঁকে ফেরানো হয়নি। দলে পুরনো সকলেই রয়েছেন, এমনকি, কিছু নতুন মুখও এসেছে। কিন্তু নেওয়া হয়নি জিতেন্দ্রকেই। এই কারণেই তিনি এই টুইট করেছেন কী না, এ নিয়েই চলছে জল্পনা। তিনি নিজেও স্পষ্টভাবে কিছু জানাননি। তিনিও কী অন্যান্য তৃণমূল নেতা-বিধায়কের মতো দলবদল করতে চলেছেন? এই নিয়ে রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে জল্পনা।





