‘মৌচাকের মতো বহুমুখী রিপোর্ট, চমকে দেওয়ার মতো দামে বিক্রি হয়েছে সরকারি চাকরি’, নিয়োগ দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ বিচারপতি সিনহার

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একের পর এক চমকে দেওয়ার তথ্য সামনে আসছে। এই দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। এই দুর্নীতি সংক্রান্ত নানান তথ্য ও রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্ট দেখার পর বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, এই রিপোর্ট অনেকটা মৌচাকের মতো বহুমুখী।

ঠিক কী বললেন বিচারপতি?

গতকাল, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেই সময়ই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বিচারপতি বলেন, “যে পরিমাণ টাকা পাচার করা হয়েছে, তা চমকে দেওয়ার মতো। টাকা এক হাত থেকে আরেক হাতে বিভিন্ন স্তরে গিয়েছে। এই অপরাধ এক হাত থেকে আরেক হাতে, এক দফতর থেকে আরেক দফতরে মসৃণভাবে প্রবেশ করেছে। শুধু রাজ্য না রাজ্যের বাইরেও টাকা গেছে। অপরাধের তীব্রতা শকিং”।

বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, “সরকারি চাকরি এখানে অত্যাধিক হারে বিক্রি হয়েছে”। এদিন আদালতে জমা পড়া  দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট দেখে এমনই পর্যবেক্ষণ করেন বিচারপতি অমৃতা সিনহা।

এদিন বিচারপতি স্পষ্ট জানান, “যেহেতু তদন্ত চলছে, তাই তদন্তের স্বার্থে রিপোর্ট প্রকাশ্যে আনা হবে না”। বিচারপতির কথায়, তদন্ত যত দ্রুত সম্ভব শেষ করে এবার ট্রায়াল শুরু করা উচিত। অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেলের রিপোর্ট দ্রুত সংগ্রহ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিল আদালত।

আদালতের নির্দেশ, এর পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে ইডি-সিবিআইকে। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ও কর্মীদের এত টাকার উৎস কী, তা সেই রিপোর্টে ভালোভাবে জানাতে হবে ইডিকে।

RELATED Articles