কুন্তলের ফ্ল্যাট থেকে উদ্ধার ২০২২-এর টেটের উত্তরপত্র, ‘কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে’, ক্ষোভ প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

যুব তৃণমূল নেতা নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২০২২ সালের টেট পরীক্ষার উত্তরপত্র। এই খবর সামনে আসার পরই তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। এবার এই ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, “কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে”।

আজ, সোমবার এজলাসে বিস্ময় প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পর্ষদের আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, “কুন্তল ঘোষের বাড়িতে টেটের ওএমআর শিট, অ্যাডমিট কার্ড? কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে? কী হচ্ছে এটা? কী করে কুন্তলের কাছে গেলো ওএমআর শিট, অ্যাডমিট কার্ড? ইডি’কে ডেকে জিজ্ঞাসা করব”। এই প্রশ্নের জবাবে প্রাথমিক পর্ষদের আইনজীবী বিচারপতিকে সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য জানান।

আইনজীবী বলেন, “কুন্তলের বাড়ি থেকে মোট ১৮৬টি ওএমআর শিট, অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে”। এরপরই বেশ উষ্মা প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “কারা বসে রয়েছে পর্ষদে? কী করে হয় দুর্নীতি? কেউ নিজে কিছু করবে না। আবার আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে”।

দুর্নীতিগ্রস্তদের খানিকটা হুঁশিয়ারি শানিয়েই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত নয়”।

বলে রাখি, গত ২১শে জানুয়ারি কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে ইডি। এই তল্লাশিতে কুন্তলের ফ্ল্যাট থেকে একটি খাতা ও একটি কালো ডায়েরি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। সেই ডায়েরিতে সাংকেতিক চিহ্নের মাধ্যমে নানান গুরুত্বপূর্ণ তথ্য লেখা রয়েছে বলে জানায় ইডি।

এরই মাঝে কুন্তলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় গত ১১ই ডিসেম্বর হওয়া টেটের অ্যাডমিট কার্ড, উত্তরপত্র, ডিএলএড সার্টিফিকেট। কুন্তলের কাছে এই সমস্ত নথি কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কী ২০২২ সালে নিরাপত্তার ঘেরাটোপে মোড়া টেটেও চাকরি বিক্রি হয়েছে, এই প্রশ্নই এখন ঘুরছে নানান মহলে। তবে যে সময় টেট পরীক্ষা হয়েছে, সেই সময় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বেশিরভাগ কাণ্ডারিরাই জেলে। তাহলে কার নির্দেশে এমন দুর্নীতি হল, সে প্রশ্ন খুঁজছেন তদন্তকারীরা।

RELATED Articles