আর জি কর কাণ্ডের প্রতিবাদে শহর আন্দোলনমুখর। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোতেও ম্লান হয়নি প্রতিবাদের স্বর। এবার আলোর উৎসবের মধ্যেও চলছে দ্রোহের উৎসব। এসবের মধ্যেই এবার ভাইফোঁটা উপলক্ষ্যে দেখা গেল বিশেষ মিষ্টি। এবার ভাইদের প্লেট সেজে উঠবে বিচার বার্তা দেওয়া সন্দেশে।
আর জি করের তরুণী চিকিৎসকদের ধর্ষণ-খুনের ঘটনায় চারিদিক হয় উত্তাল। রাজ্যের দিকে দিকে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। শুরু হয় বিক্ষোভ-আন্দোলন। গোটা দেশ গর্জে ওঠে তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবীতে। দোষীদের কঠোর শাস্তির দাবী ওঠে। এবার ভাইফোঁটা উপলক্ষ্যে এল বিশেষ মিষ্টি।
এমনই এক বিশেষ সন্দেশ বানালেন এক মিষ্টি প্রস্তুতকারী সংস্থা। প্রতি বছরই নানান উৎসবে নানান বিশেষ মিষ্টি বানিয়ে থাকে এই মিষ্টি প্রস্তুতকারী সংস্থা। এবারেও এই অন্যথা হয়নি। এবারে ভাইফোঁটায় তাদের সন্দেশে উঠে এল বিচার বার্তা। ক্ষীরের সন্দেশের উপর জ্বলছে লাল-হলুদ রঙের প্রতিবাদের আগুন। আর এর ঠিক উপরে নকশা করে লেখা ‘জাস্টিস’।

প্রতিবাদের এই প্রতীক যেন জীবন্ত হয়ে উঠেছে বিশেষ মিষ্টির মাধ্যমে। ভাই-বোনের উৎসবে বোনদের প্রতি হওয়া অন্যায়ের সুবিচারের দাবীতে যেন এই বিচারের বার্তা ভাইদের প্রতীক। দোষীদের শাস্তির দাবীতে যখন গর্জে উঠছে নানান স্তরের মানুষ, সেই সময় দাঁড়িয়ে ভাইফোঁটা উপলক্ষ্যে এমন বিশেষ ‘বিচার’ সন্দেশ যেন ন্যায় বিচারের দাবীরই এক অংশ।
আরও পড়ুনঃ ধর্ষণ করে খুন শিশুকন্যাকে, ক্ষিপ্ত জনগণের পাল্টা মারে মৃত্যু অভিযুক্তের, ধুন্ধুমার কাণ্ড এলাকায়
ভাইফোঁটার আগে এই বিশেষ সন্দেশের চাহিদা কিন্তু তুঙ্গে। মিষ্টির এই অভিনবত্ব নজর কেড়েছে ক্রেতাদের। এমন মিষ্টি প্রস্তুত করার জন্য মিষ্টি প্রস্তুতকারী সংস্থার ভূয়সী প্রশংসাও করেছেন ক্রেতারা। আর মিষ্টির দামও একেবারে সাধ্যের মধ্যেই। সেই কারণে হু হু করে বিক্রি হচ্ছে এই বিশেষ সন্দেশ। এমন বিশেষ মিষ্টি বানিয়ে তাক লাগিয়েছে উত্তর ২৪ পরগণার অশোকনগরের এক মিষ্টি প্রস্তুতকারী সংস্থা।





