রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়ার তিনি বারবার বলেছিলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁকে ফাঁসানো হয়েছে। এবার গ্রেফতারির এক সপ্তাহ পর সেই একই সুর শোনা গেল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়। এদিন ফের নিজেকে নির্দোষ বলে দাবী করলেন বালু।
আজ, শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই সময় সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি দাবী করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। বালু বলেন, “মমতাদি সব জানেন, মমতাদি সব জানেন”।
কী জানেন মুখ্যমন্ত্রী?
দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়ার পর তাঁর মুখে শোনা গিয়েছিল তিনি নাকি ষড়যন্ত্রের শিকার। তিনি দাবী করেছিলেন যে বিজেপি তাঁকে ফাঁসিয়েছে। এমনকি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও করেছিলেন তিনি। এবার ফের জ্যোতিপ্রিয় বলেন, “আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতা দি জানেন। মমতা দি পুরোটাই জানেন। আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব”।
এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোনো সময় নিজেকে নির্দোষ বলে দাবী করে বেশ আত্মবিশ্বাসের সুরেই জ্যোতিপ্রিয় বললেন, “আমি মুক্ত। জেনে রেখে দিন আমি মুক্ত হয়ে গিয়েছি। আর চার দিন অপেক্ষা করুন। মমতা দি সব জানে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি”। মন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, “দল কি আপনার সঙ্গে আছে”। বালুর অকপটে উত্তর, “অবশ্যই আছে”।
প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেদিন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি ইডি হানা দেয়, সেদিন সন্ধ্যায় উদ্বেগ প্রকাশ করে মমতা বলেছিলেন, “বালুর সুগার আছে, ও খুবই অসুস্থ। ও যদি মরে যায় তাহলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে, ইডির বিরুদ্ধেও অভিযোগ জানাতে হবে”।
শুধু তাই-ই নয়, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পরও তাঁর পাশে দাঁড়িয়ে মমতা বলেছেন, “কিছু প্রমাণই হল না, আপনারা চোর বানিয়ে দিলেন! একবারও ভাবছেন, তাঁর পরিবার-পরিজনের কী অবস্থা? যাঁরা এসব অভিযোগ তুলছেন, তাঁদের নিজেদের কত বেনামি সম্পত্তি আছে… সে কি আমরা জানি না”।






