বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যু ঘিরে রাজ্যে চলছে চরম চাপানউতোর। আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক) কৈলাস বিজয়বর্গীয়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত সহ অন্যান্য শীর্ষ নেতারা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দেন।
https://twitter.com/ANI/status/1282920822932336641?s=20
এই স্মারকলিপির বক্তব্য হল, সোমবার সকালবেলা উত্তর দিনাজপুর হেমতাবাদে নিজের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রায়গঞ্জে একটি দোকানের সামনে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ বাবুর ঝুলন্ত দেহ পাওয়া যায়। তার হাত বাধা ছিল। তার পরিবার থেকে জানানো হয় এই ঘটনা খুন, রবিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। তার পরের দিন সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিজেপির দাবি এই ঘটনার জন্য দায়ী শাসক শিবির। কারণ বিগত কয়েক বছরে রাজ্যে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের মাত্রা বহুগুণ বেড়েছে। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশ গোটা ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে চাইছে। অথচ ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে শাসকদলের গুন্ডারা একই কায়দায় হত্যা করেছে বিজেপি কর্মীদের। বিগত তিনবছরে ১০৫ জন বিজেপি কর্মীকে রাজনৈতিক কারণে খুন হতে হয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা ক্রমশ বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন। সেখানে একজন মুখ্যমন্ত্রী যদি এই কথা বলেন তাহলে রাজ্যের কী অবস্থা বোঝাই যাচ্ছে। তাই রাষ্ট্রপতি যেন এই ব্যাপারে হস্তক্ষেপ করেন যাতে রাজ্যে সুশাসন ব্যবস্থা ফিরে আসে।
বিজেপি এই ঘটনায় শাসকদলের উপর আঙুল তুলেছে, অন্যদিকে শাসক শিবির বলছে দলীয় কোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে। এই নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম।





