‘তোমার কত হিম্মত আছে আমরা দেখে নেব’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

রাজ্য সরকার এই মুহূর্তে নানান ধরণের দুর্নীতির (corruption) জেরে বিদ্ধ। শাসক দলের নানান নেতার নাম জড়িয়েছে নানান দুর্নীতিতে। তৃণমূল (TMC) বারবার অভিযোগ করে এসেছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগাচ্ছে বিজেপি সরকার। এবার এই নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ তুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। উত্তরপাড়ার সভা থেকে তিনি অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তেলঙ্গানা-সহ নানান অবিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রের বিজেপি সরকার ভাঙার চক্রান্ত করছে। এই কারণেই সিবিআই, ইডিকে কাজে লাগানো হচ্ছে।

এদিন উত্তরপাড়ার সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি জানে ওই রাজ্যগুলিতে ওরা জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন, ওই রাজ্যগুলিতে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করতে হবে। বিরোধী দলগুলিকে ভয় দেখাতে হবে। বিরোধী দলগুলিকে ভেঙে চুরমার করে দিতে হবে। বাংলার জন্য ঝাড়খণ্ডের সরকারকে ভাঙতে পারল না”। সরাসরি প্রধানমন্ত্রীকেই আক্রমণ করেন তিনি।

শ্রীরামপুরের সাংসদের অভিযোগ, বিহারে নীতিশ কুমারকে ক্ষমতা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল বিজেপি। বেশ ক্ষোভের সঙ্গেই তিনি বলেন, “ঝাড়খণ্ডের সরকার ভাঙতে বিজেপি ব্যর্থ হওয়ার পরেই নীতীশ কুমারের আরজেডি’র সঙ্গে হাত মিলিয়ে সরকার রক্ষা করেছেন। পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার ভাঙার চক্রান্ত করছে। নরেন্দ্র মোদী, তোমার কত হিম্মত আছে আমরা দেখে নেব”। তাঁর এহেন মন্তব্য যে রাজ্য-রাজনীতিতে বেশ শোরগোল ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য।

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে নরেন্দ্র মোদী ‘রেফারি’ অর্থাৎ ইডি-সিবিআই নিয়ে ‘ফাউল’ করে খেলছে। তাঁর কথায়, “বিজেপি গণতান্ত্রিক রীতিনীতির সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। সীমাহীনদের কী করে শায়েস্তা করতে হয়, তৃণমূল কংগ্রেসের তা জানা আছে”।

RELATED Articles