ধোপে টিকল না শারীরিক অসুস্থতার যুক্তি! জামিনের আবেদন খারিজ অনুব্রতর, ফের আরও ১৪ দিন জেলেই কাটাতে হবে কেষ্টকে

আজ, বুধবার আদালতে তোলা হয় গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) অভিযুক্ত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। কিন্তু তাঁর জামিনের আবেদন এদিনও খারিজ করে দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত (CBI Court)। ফের ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হল কেষ্টকে। এই নিয়ে দু’দফায় জেল হেফাজতে পাঠানো হল তৃণমূল নেতাকে। আগামী ২১শে সেপ্টেম্বর ফের তাঁকে আদালতে তোলা হবে।

গ্রেফতার হওয়ার পর প্রথম দু’দফায় সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অনুব্রতকে। এরপর তাঁকে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়। আর আজ আরও এক দফায় ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল অনুব্রতকে।

এদিন যখন জেল থেকে বের করে আদালতে তোলা হচ্ছিল অনুব্রতকে, সেই সময় তাঁকে জিজ্ঞাসা করা হয় যে তাঁর শরীর কেমন আছে? তিনি জানান, ‘ভালো নাই’। অনুব্রতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এদিন তাঁর জামিনের আবেদন করা হয়েছিল বটে, তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

আজ, বুধবারের শুনানিতে সিবিআই আদালতে একাধিক তথ্য পেশ করেছে। অনুব্রতর সম্পত্তির কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গরু পাচার মামলার তদন্ত সূত্রে বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে সিবিআই।

তাঁর সঙ্গে অনুব্রতর ভালো সম্পর্ক ছিল। সেই বিষয়ে একাধিক তথ্য আদালতে জমা করা হয়েছে। এদিন শুনানি শেষে অনুব্রতকে জেল হেফাজতের নির্দেশ দেয় আসানসোল সিবিআই আদালত।

RELATED Articles