এ কেমন শিক্ষা প্রতিষ্ঠান? নেতাজির নাম জড়ানো স্কুলেই হিংসার শিক্ষা!শিক্ষকরাই হাত ধরিয়ে দিলেন লাঠি, বাচ্চাদের দিয়েই খু*ন পথকুকুরকে!

স্কুল—একটা জায়গা, যেখানে শিশুদের শিক্ষা দেওয়া হয় ভালবাসা, সহানুভূতি আর নৈতিকতার। যেখানে ‘সারেগামাপা’ পড়ার আগে শিশুরা প্রার্থনা গান গায়, সকালটা শুরু হয় ঈশ্বরের নাম করে। কিন্তু সেই শিক্ষার মন্দিরেই যদি হিংসা আর নৃশংসতার চর্চা হয়, তাহলে প্রশ্ন উঠবেই। নদীয়ার কল্যাণী গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির(বালক) স্কুলে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে, যা স্তব্ধ করে দিয়েছে গোটা সমাজকে।

ঘটনাটি ঘটে ৮ জুলাই ২০২৫, সকালবেলায়। চার বছরের একটি পথকুকুর আচমকাই স্কুল চত্বরে ঢুকে পড়ে। কুকুরটি স্কুলের দু’জন ছাত্রের দিকে দৌড়ে যায়, তবে কাউকে আক্রমণ করেনি। বহু মানুষের আওয়াজ, চেঁচামেচি দেখে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়ে সে। কিন্তু এই সামান্য ঘটনাটিকে কেন্দ্র করেই যেভাবে পদক্ষেপ নেওয়া হয়, তা শিউরে ওঠার মতো।

স্কুল চলাকালীন, বহু ছাত্রদের সামনে সেই কুকুরটিকে নির্মমভাবে মারা হয়। অভিযোগ, স্কুলের শিক্ষক ও কর্মচারীরাই এই কাজের নেতৃত্ব দেন। ক্লাস ফাইভ-সিক্সের ছাত্রদেরকে ডেকে এনে হাতে লাঠি ধরিয়ে মারতে বলেন শিক্ষকরা। একজন শিক্ষককে দেখা যায় স্পষ্ট বলছেন, “আরো মার।” এই দৃশ্য মোবাইলে ভিডিও করা হয়।

এই নৃশংস ঘটনার নেপথ্যে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক গৌর ভাওয়াল (Gour Bhawal), এমনটাই দাবি করেছেন ঘটনাস্থলে উপস্থিত পশুপ্রেমীরা। প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গিয়েছে আরও কয়েকজন শিক্ষকের নাম উঠে এসেছে—জয়গোপাল বিশ্বাস (Jaygopal Biswas), যাঁকে ভিডিওতে ছাত্রদের সামনে বারবার “মার মার” বলতে শোনা যাচ্ছে এবং ভিভাস সাহা (Bhivas Saha) । শুধু শিক্ষক নন, এই ঘটনায় যুক্ত আরও একজন কর্মীর নামও সামনে এসেছে— তারাপদ বিশ্বাস (Tarapada Biswas)। প্রত্যেকেই স্কুলের নিয়মিত কর্মী, এবং প্রত্যেকের ভূমিকাই ভিডিও ফুটেজে স্পষ্ট।

আরও পড়ুনঃ Guru Purnima 2025 Lucky Zodiacs: গুরুপূর্ণিমা বদলাবে ভাগ্যের হিসাব! এই ৩ রাশির জীবনে আসছে অভাবনীয় উন্নতি

যখন কুকুরটির প্রাণ চলে যায়, তখনও তাকে থামানো হয়নি। পিটিয়ে পিটিয়ে তার মাথা থেঁতলে দেওয়া হয়, একটি চোখ পর্যন্ত বেরিয়ে আসে—এই নিষ্ঠুরতার ছবি দেখে চোখে জল এসেছে পশুপ্রেমীদের। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠান কি তবে হিংসার আঁতুড়ঘর হয়ে উঠছে? শিক্ষক যদি শিখিয়ে দেন এক জীবের প্রাণ কেড়ে নিতে, তবে এই শিক্ষার ভবিষ্যৎ কোথায়? এখন দেখার, প্রশাসন ও শিক্ষা দফতর এই ঘটনার কী তদন্ত করে এবং দায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়। কারণ, শুধু প্রশ্ন নয়, এখন সময় জবাব দেওয়ার।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles