রাজ্য পুলিশের তাণ্ডবে জেরবার ব্যবসায়ীরা। সকাল সকাল রাস্তার ধারে বাজারে দোকান সাজিয়ে বসতেই আচমকাই তা এসে ফেলে নষ্ট করে পুলিশ। সমস্ত মালপত্র ফেলে দেওয়া হয় লাথি মেরে। এমনকি, মহিলা ব্যবসায়ীকে অশালীন ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনাটি ঘটেছে আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরের কান্দি বাসস্ট্যান্ড বাজারে। আর পাঁচটা দিনের মতোই এদিনও ব্যবসার পসরা সাজিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা। দোকানে সাজাচ্ছিলেন ফল, সবজি। ক্রেতারাও আসতে শুরু করেছিলেন এক এক ক্রর। এরই মধ্যে ঘটে গেল বিপত্তি।
অভিযোগ, আচমকাই এক পুলিশ আধিকারিক এসে ব্যবসায়ীদের ফল, সবজি রাস্তায় ফেলে দেয়। তাতে লাথি মেরে তা নষ্ট করে দেয়। এরপরই ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এমনকি, এক মহিলা ব্যবসায়ীর গায়ে হাত তোলে পুলিশ এমনও অভিযোগ উঠেছে। সেই মহিলা ব্যবসায়ীকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
এই ঘটনায় এক মহিলা ব্যবসায়ী বলেন, “আমরা নিজেদের মতো ব্যবসা করছিলাম। ফলের ঝুড়ি একপাশে রেখেছিলাম। কিন্তু এক পুলিশ অফিসার এসে হঠাৎই সব ফল ফেলে দেয়। আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। ফুটপাতের উপর কিছু রাখিনি, তাও সব ফল ফেলে দিল”।
প্রত্যক্ষদর্শী এক ক্রেতা জানান, “পুলিশই প্রথমে এক ব্যবসায়ীর ফলের ঝুড়ি ফেলে দেয়। পা দিয়ে নষ্ট করে দেয়। ওরা তো নিজেদের মতোই ব্যবসা চালাচ্ছিল। পুলিশ এসে এমন কেন করল। গায়েও হাত দিয়েছে পুলিশ। এক মহিলা ব্যবসায়ীকে উল্টোপাল্টা গালিগালাজ করছিল”।
ভিডিও সৌজন্যেঃ SHINE TV 24X7
এই ঘটনায় ওই এলাকার কাউন্সিলর জানান, “পুলিশ খুবই অন্যায় করেছে। ওরা ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ। ওদেরও তো জায়গা দিতে হবে ব্যবসা করার। ওদের এভাবে উৎখাত করলে হবে না। আমরা এই নিয়ে প্রশাসনের কাছে নালিশ জানাব”।





