আজ মকর সংক্রান্তি। পিঠেপুলি উৎসব। এই মকর সংক্রান্তি দিনটি দেশের নানান প্রান্তে নানান ভাবে পালন করা হয়। বাঙালিরা পালন করে পিঠে পার্বণের মাধ্যমে। তবে আবার এদিন আকাশে ঘুড়ি ওড়ানোর চলও রয়েছে। আর এবার বাংলার আকাশে ধরা দিচ্ছে মোদী-ঘুড়ি।
কী হয়েছে ব্যাপারটা?
আসলে, সেই রাজ আমল থেকেই বর্ধমান শহরে এই মকর সংক্রান্তির দিন আকাশে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে। উত্তুরে হাওয়া বওয়া শুরু হতেই আকাশও ভরে ওঠে নানান রঙবেরঙের ঘুড়িতে। বর্ধমান শহরের সদরঘাটের মাঘী মেলা, ইদিলপুর কাঠগোলা ঘাট, বাহির সর্বমঙ্গলা পাড়া ও আরও অন্যান্য জায়গায় ঘুড়ির মেলা বা ঘুড়ির উৎসব হয়ে থাকে। সেই কারণে মকর সংক্রান্তির আগেই শহরের এদিক-ওদিক ছেয়ে গিয়েছে ঘুড়ির দোকানে।
এই বছরেই রয়েছে লোকসভা নির্বাচন। তাই নিয়ে এখন বঙ্গেও প্রস্তুতি তুঙ্গে। এমন আবহেই এবার ঘুড়ির পালেও লাগল ভোটের হাওয়া। ঘুড়ির মধ্যে দেখা গেল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এবারের ঘুড়ি উৎসবে বাজার কাঁপাচ্ছে এই মোদী-ঘুড়ি, এমনটাই দাবী ঘুড়ি বিক্রেতাদের। সেই ঘুড়িতে মোদীর ছবির সঙ্গে আবার লেখা, “বিজেপি মিশন ২০২৪”।
হঠাৎ এমন ঘুড়ি বিক্রি কেন হচ্ছে?
দোকানদাররা জানাচ্ছেন, তারা আলাদা করে এই ঘুড়ি অর্ডার দিয়ে তৈরি করান নি। ঘুড়ির লটের সঙ্গেই এসেছে এই মোদী-ঘুড়ি। সেই ঘুড়িই বিক্রি করছেন তারা। বিক্রেতারা জানাচ্ছেন, কাগজের বা প্লাস্টিকের ঘুড়ির পাশাপাশি এই মোদী-ঘুড়ির চাহিদাও দারুণ বাজারে।
ঘুড়ি নিয়ে শুরু রাজনৈতিক তরজা
তবে এই ঘুড়ি নিয়েও রাজনৈতিক চর্চা কম হচ্ছে না। এই বিষয়ে বিজেপির যুব মোর্চার সদস্য অনীশ দাস বলেন, “বাস্তবে আকাশে বাতাসে মোদীজীর নাম ভাসছে। এটা তো ট্রেলার মাত্র। আগামী লোকসভা নির্বাচনে মোদীজীর সব বিরোধীদের ভোকাট্টা করে দেবে”।
আবার এই ঘুড়ি নিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাসের বক্তব্য, “মানুষের মনে মমতা। তাই ঘুড়ি দিয়ে কিচ্ছু হবে না। গত বিধানসভার মত লোকসভায়ও বিজেপি আর মোদীকে ভোকাট্টা করবে মানুষ”।






