সত্যিই বিচিত্রময় দেশ এই ভারতবর্ষ। যে ছাত্রদের জন্য মিড ডে মিল বরাদ্দ, সেই মিড ডে মিলের রান্না হচ্ছে ছাত্রদেরই বেঞ্চ পুড়িয়ে। এই ঘটনার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নিন্দার ঝড় উঠেছে এই ভিডিও দেখে। গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনায়।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
এমন বিচিত্র ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা জেলার বিহতা ব্লকের একটি মিডল স্কুলে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কাঠের জ্বালে রান্না করা হচ্ছে মিড ডে মিল। আর সেই জ্বালানী হিসেবে ব্যবহার করা হচ্ছে স্কুলেরই ছাত্রদের বসার বেঞ্চ (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই একে অপরের বিরুদ্ধে দোষ চাপাচ্ছেন স্কুলের রাঁধুনি, এক শিক্ষিকা ও প্রধান শিক্ষক। রাঁধুনির দাবী, স্কুলের শিক্ষিকা সাবিত্রী কুমারীর নির্দেশেই তিনি এই কাজ করেছেন। সেই অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষিকা। সাবিত্রী কুমারের আবার দাবী, স্কুলের প্রিন্সিপাল প্রবীণ কুমার রঞ্জনের নির্দেশেই অপরাধ ঘটেছে। যদিও সে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ওই শিক্ষিকাই করেছেন বলে জানা গিয়েছে।
এদিকে স্কুলের প্রিন্সিপাল প্রবীণ কুমার রঞ্জনের বক্তব্য, “মানুষ মাত্রই ভুল করে। রাঁধুনি অশিক্ষিত। সাধারণত গ্যাসেই রান্না হয়ে থাকে। অতিরিক্ত শীতে তিনি বেঞ্চ পুড়িয়ে রান্না করেন”। এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার কথা জানতে পেরে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ব্লক শিক্ষা আধিকারিক নীবেশ কুমার।





