নিম্নচাপের চোখ রাঙানোর জেরে এবার অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে চলেছে বৃষ্টি। আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে চলতি বছর মৌসুমী বায়ু একেবারেই সেরকম সক্রিয় নয়। আবহবিদদের মতে, কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি না হওয়ায়, বর্ষা ছিল না। তবে এবার অবশেষে ওড়িশা-অন্ধ্র উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আর এর ফলেই নামছে বর্ষা। এই নিম্নচাপের জেরেই আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।
বিগত কয়েকদিনে ছিটেফোঁটা বৃষ্টি হলেও, সেভাবে একেবারে বৃষ্টি হয়নি শহর কলকাতায়। তবে আগামী চার দিনে শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ, রবিবার কলকাতার তাপমাত্রা একটু উর্ধ্বমুখী থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৪মিলিমিটার। বাতাসে আর্দ্রতাজনিত পরিস্থিতির কারণে বজায় থাকবে অস্বস্তি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে। এর পাশাপাশি অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে গরম বাড়বে। বজায় থাকতে অস্বস্তি।
আজ, রবিবার উত্তরবঙ্গে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও, বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও। চলতি মরশুমে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। সময়ের আগেই সেখানে প্রবেশ করেছিল বর্ষা।





