Weather update : দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে অনিশ্চয়তা, কলকাতায় গরমে অতিষ্ঠ শহরবাসী! বঙ্গে কবে আসবে বর্ষা?

কলকাতার রাস্তায় এখন হাঁটতেই কষ্ট হচ্ছে। সকাল হোক বা সন্ধে, গরমের আঁচ যেন সর্বক্ষণ গায়ে লেগেই আছে। রোজকার কাজের চাপে অতিষ্ঠ মানুষ যখন একটু স্বস্তির আশায় আকাশের দিকে তাকাচ্ছেন, তখন সেই আকাশও যেন নিরুত্তর! মাঝে মাঝে মেঘ জমলেও বৃষ্টি পড়ছে না বললেই চলে। ফলে শহরের বাতাসে আর্দ্রতা আর ভ্যাপসা গরমের জাঁতাকলে নাকাল সকলেই।

যাঁরা অফিস ফেরত ক্লান্ত শরীরে একটু হালকা বৃষ্টির আশায় থাকেন, তাঁদের হতাশ করছে আকাশ। দুপুর গড়ালে কিছুটা মেঘ জমে, ঠান্ডা হাওয়া বইছে বলেও মনে হয়। কিন্তু পরক্ষণেই আবার রোদের ঝলকানিতে সব আশায় জল ঢালে। শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো রোডসাইড দোকানদার থেকে শুরু করে রিকশাওয়ালা—সকলের মুখেই এখন একটাই প্রশ্ন, “বর্ষা কবে?”

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জুনের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। বরং সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আকাশ আংশিক মেঘলা থাকবে ঠিকই, কিন্তু সেই মেঘ থেকে বিশেষ কিছু পাওয়ার সম্ভাবনা কম। হাওড়া, হুগলি, বর্ধমান, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা একেবারেই অল্প।

আবহাওয়া দপ্তরের হিসাব বলছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। জুনের দ্বিতীয় সপ্তাহে কিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত হলেও, তা মোটেই পর্যাপ্ত নয়। তৃতীয় সপ্তাহ থেকে বর্ষা একটু গতি পেতে পারে। তবে জুন মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৫০ মিলিমিটার ছাড়াবে কি না, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে।

আরও পড়ুনঃ Astrology : জীবনে ধেয়ে আসছে দুর্যোগ! জুনে এই তিন রাশির জাতকদের জন্য বড় সতর্কবার্তা!

এই যখন দক্ষিণবঙ্গের চিত্র, তখন উত্তরবঙ্গে দশদিন আগেই ঢুকে পড়েছে বর্ষা। মালদা ও দুই দিনাজপুরে ইতিমধ্যেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি শুরু হয়েছে। পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের মানুষকে এখনই ভরসা রাখতে হবে দীর্ঘ অপেক্ষার ওপর। কারণ আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, জুনের শেষ সপ্তাহে অর্থাৎ চতুর্থ সপ্তাহের দিকেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ স্বস্তির বৃষ্টি পেতে এখনও অপেক্ষায় থাকতে হবে শহরবাসীকে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর