পুজোর মুখে কলকাতায় রান্নার গ্যাসের দামে বড়সড় পরিবর্তনের খবর। ১ অক্টোবর থেকেই গ্যাসের নতুন দাম কার্যকর হয়েছে। একলাফে ৭০ টাকা দাম বাড়ায় উৎসবের আগে রান্নাবান্নার খরচ নিয়ে নতুন করে চিন্তা তৈরি হয়েছে। কলকাতায় এখন গ্যাসের নতুন দাম কত, তা নিয়েই স্বাভাবিকভাবেই বাড়ছে কৌতূহল।
পুজোর মরশুমে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, খাবারের আয়োজন সব ক্ষেত্রেই রান্নার ব্যস্ততা বেড়ে যায়। তার মধ্যেই গ্যাসের দাম বাড়ার খবর সামনে আসায় উৎসবের সময়ে অতিরিক্ত খরচের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে পুজোর পরেই বিয়ের মরশুম শুরু হওয়ায় এই মূল্যবৃদ্ধির প্রভাব কোথায় গিয়ে পড়ে, সেদিকেও নজর থাকছে।
তবে গ্যাসের দাম বাড়ার এই খবরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সব ধরনের LPG সিলিন্ডারের দাম কিন্তু বাড়েনি। সাধারণ পরিবারের রান্নায় ব্যবহৃত গৃহস্থালির LPG সিলিন্ডারের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ বাড়িতে নিয়মিত যে সিলিন্ডার ব্যবহার করা হয়, তার ক্ষেত্রে এই মুহূর্তে নতুন করে কোনও বাড়তি খরচ যোগ হয়নি।
দাম বাড়ানো হয়েছে ১৯ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে। এই সিলিন্ডার মূলত রেস্তোরাঁ, মিষ্টির দোকান, ক্যাফে, ক্যাটারিং এবং বিভিন্ন খাবারের ব্যবসায় রান্নার কাজে ব্যবহার করা হয়। ১ অক্টোবর থেকে কলকাতায় এই সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে হয়েছে ২,৯৫৪ টাকা।
আরও পড়ুনঃ পুজোর পরেই বাগদান? সাহেবের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের প্রশ্নে, লাজুক হেসে কী বললেন সুস্মিতা?
এর আগে ১ সেপ্টেম্বরও কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ১১ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল। এক মাসের ব্যবধানে ফের দাম বাড়ায় পুজোর মরশুমে খাবারের ব্যবসা ও ক্যাটারিং সংস্থাগুলির রান্নার খরচ বাড়তে পারে। আগামী দিনে সেই বাড়তি খরচ খাবারের দাম বা অনুষ্ঠান আয়োজনের বাজেটে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর।





