বিগত কয়েকদিন ধরেই কলকাতা সহ গোটা রাজ্যের আবহাওয়া থাকছে বৃষ্টিমুখর। বেলা গড়াতে না গড়াতেই আকাশ হয়ে উঠছে মেঘাচ্ছন্ন, সেইসঙ্গে গুরুগম্ভীর বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে একপশলা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজকেও এই আবহাওয়ার ব্যতিক্রম হবে না।
মঙ্গলবার দুপুরের মধ্যেই বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা। এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ও বিকেলের দিকে কলকাতা, দুই ২৪ পরগনা, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
হঠাৎ করে কেন এই বর্ষণের পূর্বাভাস? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। তার সঙ্গে রয়েছে স্থানীয় ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ। এই দুই মিলিত কারণে মাঝে মধ্যেই ঝড়-বৃষ্টি হচ্ছে।





