ভাঁড়ারে টান রাজ্যের। এর জেরে বন্ধ হল কলকাতা পুরসভার অবসরপ্রাপ্তদের পেনশন। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এমন সিদ্ধান্তের জেরে স্বভাবতই বেশ উদ্বেগে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্মীরা।
ঠিকা কর্মীরাও এই ঘটনায় বেশ চিন্তিত। কারণ বিগত প্রায় ৮-৯ মাস ধরে তাদের প্রাপ্য বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে কবে আদৌ টাকা পাবেন, তা নিয়ে বেশ অনিশ্চয়তা রয়েছে। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন যে আর্থিক হাল দ্রুত ফেরানো হবে।
গত বছরের ডিসেম্বরে কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন ফিরহাদ হাকিম। এরপর তিনিই ফের বসেন মেয়র পদে বসেন। মেয়র হিসেবে শপথ নেওয়ার সময়ই তিনি বলেছিলেন যে বিপুল দেনা মাথায় নিয়ে তিনি মেয়রের চেয়ারে বসছেন। তাঁকে আর্থিক টানাটানির মধ্যেই কাজ করতে হবে। বেশ কঠিন চ্যালেঞ্জের মধ্যেও পড়তে হতে পারে তাঁকে।
তবে দায়িত্ব নিয়েই সমাধানের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন ফিরহাদ। রাজ্য সরকারের কাছে ৭০০ কোটি টাকা দেওয়ার আবেদন জানান তিনি। এর পাশাপাশি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের তরফে ২০০০ কোটি টাকা ঋণও নেওয়া হয়। এভাবেই বকেয়া পূরণ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কলকাতা পুরসভার মেয়র।
কিন্তু এসবে যে সমস্যার সমাধান হয়নি, গতকাল, বৃহস্পতিবারের এই বিজ্ঞপ্তিই তার প্রমাণ। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ২০২১ সালের সেপ্টেম্বরের পর যেসমস্ত পুরসভার কর্মীরা অবসর নিয়েছেন, তাদের পেনশন আপাতত দেওয়া যাচ্ছে না। এর কারণ যে আর্থিক সংকট, তাও বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

বলে রাখি, এই মুহূর্তে ২২ হাজার স্থায়ী কর্মী কলকাতা পুরসভায় রয়েছেন। তসদের বেতন দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। অন্যদিকে, ২৬ হাজার অস্থায়ী কর্মীর বেতনের দায়িত্বভার রয়েছে পুরসভার উপর। এই সমস্ত কর্মীদের বেতন আপাতত আটকে। অর্থাৎ পুরসভার ভাঁড়ারে যে বেশ আর্থিক অনটন চলছে, তা বলাই বাহুল্য।





